বিশ্বজিৎ প্রামাণিক, পতিরাম: বাঙালির রসনাতৃপ্তিতে নলেন গুড়ের (Nolen Gur) জুড়ি মেলা ভার। আপামর বাঙালির কাছে শীত আর নলেন গুড় প্রায় সমার্থক। মানুষ যাতে ঘরে বসেই ভালো নলেন গুড়ের স্বাদ পেতে পারেন সেই ব্যাপারে উদ্যোগী হল মাঝিয়ানের কৃষিবিজ্ঞান কেন্দ্র (Krishi Vigyan Kendra)। কোনওরকম রাসায়নিক পদার্থ না মিশিয়ে, একদম প্রাকৃতিক পদ্ধতিতে খেজুরের রস থেকে খাঁটি নলেন গুড় তৈরি করা হবে বলে কৃষিবিজ্ঞান কেন্দ্রের তরফে জানানো হয়েছে। কৃষিবিজ্ঞান কেন্দ্রের তৈরি নলেন গুড় পাওয়া যাবে শপিং মলে। এমনকি ক্রেতারা যাতে অনলাইনেও এই গুড় অর্ডার করতে পারেন, সেই বিষয়ে উদ্যোগী হয়েছেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের অধিকর্তারা। এই প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষিবিজ্ঞান কেন্দ্র একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ শুরু করেছে। এই প্রসঙ্গে কৃষিবিজ্ঞান কেন্দ্রের সম্প্রসারণ অধিকর্তা প্রভাতকুমার পাল বলেন, ‘এই কেন্দ্রের জমিতে যেসব খেজুর গাছ রয়েছে, সেই গাছগুলো থেকে রস সংগ্রহ করে, তার থেকে নলেন গুড় তৈরির ব্যাপারে আমরা উদ্যোগী হয়েছি। এই কার্যক্রমের সূচনালগ্ন থেকেই আমরা বিভিন্ন মহল থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
মাঝিয়ান কৃষিবিজ্ঞান কেন্দ্র চত্বরের পাশ দিয়ে বয়ে যাওয়া ক্যানালের ধারে প্রায় ১৫০টি খেজুর গাছ আছে। একসময় এই খেজুর গাছগুলো কেটে ফেলার কথাও ভেবেছিলেন কৃষিবিজ্ঞান কেন্দ্রের অধিকর্তারা। কিন্তু প্রায় বছরখানেক আগে কর্তৃপক্ষের তরফে এই গাছগুলো থেকে রস সংগ্রহ করে তার থেকে নলেন গুড় তৈরির বিষয়ে চিন্তাভাবনা শুরু করা হয়।
এই বিষয়ে কৃষিবিজ্ঞান কেন্দ্রের সিনিয়ার সায়েন্টিস্ট ডঃ শিবানন্দ সিনহা বলেন, ‘প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হবে।’ তিনি যোগ করেন, ‘খুব শীঘ্রই এই খাঁটি নলেন গুড় বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং শপিং মলে পাওয়া যাবে। এই উদ্যোগ কৃষিভিত্তিক অর্থনীতির ভিত মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই আমাদের বিশ্বাস।’
