উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: এক্সট্রা টাইমের প্রথমার্ধে মাঠ জুড়ে তখন টানটান উত্তেজনা। ঠিক তখনই আর্জেন্টিনার জালে বল জড়িয়ে উল্লাসে মেতে উঠেছিল স্পেন। স্প্যানিশ তারকা নিকো উইলিয়ামসের দুর্দান্ত এক শট পরাস্ত করে আর্জেন্টিনার রক্ষণভাগকে। কিন্তু স্পেনের সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক মুহূর্ত। রেফারি জানিয়ে দেন, গোলটি বৈধ নয়।
ভিএআর (VAR) ও রেফারির সিদ্ধান্ত অনুযায়ী, গোলটি হওয়ার ঠিক আগের মুহূর্তে আর্জেন্টিনার নিকোলাস ওটামেন্ডিকে ফাউল করেছিলেন স্পেনের মিকেল মেরিনো। ফলে গোলটি বাতিল করে দেন ম্যাচ রেফারি। রেফারির এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়ে স্প্যানিশ শিবির। মাঠেই তীব্র প্রতিবাদ জানাতে শুরু করেন স্পেনের ফুটবলাররা। এই বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ফুটবল মহলে ইতিমধ্যেই আলোচনা-সমালোচনা শুরু হয়ে গেছে।
এদিকে এই নাটকীয় মুহূর্তের মাঝেই খানিক চোট পেয়ে মাঠে শুয়ে পড়েন আর্জেন্টিনার বিশ্বস্ত গোলকিপার এমি মার্তিনেস। মাঠে কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর অবশ্য তিনি খেলা চালিয়ে যান, মাঠ ছাড়েননি। রেফারির এই সিদ্ধান্তের সুবাদে ম্যাচটিতে কোনো রকমে নিজেদের টিকিয়ে রাখতে সমর্থ হয় আর্জেন্টিনা।

