NH 10 | দুই দফায় পাঁচদিন বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক

NH 10 | দুই দফায় পাঁচদিন বন্ধ থাকবে ১০ নম্বর জাতীয় সড়ক

শিক্ষা
Spread the love


সানি সরকার, শিলিগুড়ি: পর্যটন মরশুমে ফের বন্ধ হচ্ছে ১০ নম্বর জাতীয় সড়ক (NH 10)। টানা না হলেও চলতি মাসে দুই দফায় পাঁচদিন বন্ধ থাকছে সিকিমের লাইফলাইন জাতীয় সড়কটি। ৯, ১০ এবং ১৭ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সেবক থেকে রংপো পর্যন্ত জাতীয় সড়কটি বন্ধ রাখার কথা ঘোষণা করেছে কালিম্পং জেলা প্রশাসন। তবে ছোট গাড়ির ক্ষেত্রে দফায় দফায় কিছু সময়ের জন্য ছাড় দেওয়া হয়েছে। সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে কালিম্পংয়ের জেলা শাসক বালাসুব্রহ্মণিয়ান টি জানান, জাতীয় সড়কটিতে অত্যন্ত প্রয়োজনীয় কিছু কাজ করবে কেন্দ্রীয় সড়ক সংস্থা এনএইচআইডিসিএল (NHIDCL)। ওই কাজের জন্য সাময়িকভাবে জাতীয় সড়কটিতে সমস্ত ধরনের ভারী যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্ষার বৃষ্টি নেই। বরং বর্তমানে রয়েছে শুখা মরশুম। কিন্তু লিকুভির এবং বিরিকদাড়ায় ভাঙন অব্যাহত। যার জেরে ১০ নম্বর জাতীয় সড়কের অবস্থা ক্রমশই ভয়ংকর হয়ে উঠছে। যা নিয়ে প্রশ্ন উঠছিল। ক’দিন আগেই এ ব্যাপারে কেন্দ্রীয় সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়করির কাছে নালিশ জানিয়েছিলেন সিকিমের সাংসদ ইন্দ্র হাং সুব্বা। রাস্তা মেরামতির ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন গড়করি। ওই আশ্বাসের পাঁচদিনের মাথায় সড়ক মেরামতির কথা জানাল ন্যাশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)। কেন্দ্রীয় সড়ক সংস্থাটির তরফে ডেপুটি জেনারেল ম্যানেজার (পিএমইউ-শিলিগুড়ি) ছায়া রাজপুত সোমবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ৯ ও ১০ এবং ১৭ থেকে ১৯ এপ্রিল সেবক থেকে রংপো পর্যন্ত রাস্তাটি দিয়ে সমস্ত ধরনের ভারী যান চলাচল বন্ধ থাকবে। তবে ছোট গাড়ির ক্ষেত্রে ছাড় মিলবে সকাল ৬টা থেকে ৭টা, ৮টা থেকে ৯টা, ১০টা থেকে ১১টা, দুপুর ১২টা থেকে ১টা, ২টা থেকে ৩টা এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত। জাতীয় সড়কটি বন্ধ থাকার সময় গরুবাথান, লাভা, আলগারা হয়ে ভারী যান চলাচল করবে বলে কালিম্পং জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। বর্তমানে দার্জিলিংয়ের পাশাপাশি কালিম্পং এবং সিকিমে পর্যটকদের ঢল নেমেছে। এমন অবস্থায় জাতীয় সড়কটি দুই দফায় পাঁচদিন বন্ধ থাকার অর্থ পর্যটকদের ভোগান্তি। কিন্তু ভবিষ্যতের সুরক্ষার জন্য জাতীয় সড়কটি মেরামত অত্যন্ত জরুরি বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *