উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ রবিবার মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মহাদ্বৈরথ দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের। কিন্তু ফাইনালের ঠিক আগেই বড়সড় বিপত্তি। কানাডার দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন নিউ ইয়র্ক শহর (New York Air Air pollution)। বাতাসের গুণমান এতটাই খারাপ হয়ে গিয়েছে যে, চূড়ান্ত পর্যায়ের এই ম্যাচে ফুটবলারদের শারীরিক সক্ষমতা নিয়ে তৈরি হয়েছে ঘোর অনিশ্চয়তা।
কানাডার শতাধিক স্থানে চলা দাবানল থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা নিউ ইয়র্ক শহর। আকাশ এখন ধূসর থেকে কমলা রঙের। ধোঁয়াশার প্রকোপ এতটাই বেশি যে, উঁচু বাড়িগুলোর শীর্ষভাগ পর্যন্ত দেখা যাচ্ছে না। শহরের বাতাসের মান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় সরকারের তরফে নাগরিকদের বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে।
নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বৃহস্পতিবারই সতর্কবার্তা দিয়ে বলেছেন, “আজ বিশ্বকাপের সবচেয়ে খারাপ দিন হতে চলেছে। এই অস্বাস্থ্যকর পরিবেশে অ্যাজমা বা হৃদ্যন্ত্রের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা তো বটেই, সুস্থ মানুষেরও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রত্যেক নিউ ইয়র্কবাসীর এখন অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।”
সেমিফাইনালের পর স্পেন দল ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছে। এই ধোঁয়াশার মধ্যেই তারা মাঠে অনুশীলন চালিয়ে যাচ্ছে। যদিও স্পেনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ বা বিবৃতি দেওয়া হয়নি। অন্যদিকে, আর্জেন্টিনা দল এতদিন টেক্সাসে ছিল। বৃহস্পতিবার রাতে তাদের নিউ ইয়র্কে পৌঁছানোর কথা এবং শুক্রবার থেকে অনুশীলনে নামার কথা রয়েছে। প্রচণ্ড দূষণের মধ্যে অনুশীলন চালিয়ে যাওয়া ফুটবলারদের ফুসফুস ও শ্বাসযন্ত্রের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে এই দুঃসময়ের মাঝেও একটি সুখবর রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার নিউ ইয়র্কে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টি হলে বাতাসের মানের কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হচ্ছে। রবিবার দুপুর ৩টে থেকে শুরু হতে যাওয়া এই ফাইনাল ম্যাচ ঘিরে একদিকে যেমন উত্তেজনার পারদ তুঙ্গে, অন্যদিকে প্রকৃতির এই খামখেয়ালি আচরণে ম্যাচ নির্বিঘ্ন হবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

