উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নেপালে হড়পার তাণ্ডবের চারদিন পার (Nepal Floods)। কিন্তু এখনও খোঁজ মেলেনি বিজপুরের প্রাক্তন বিধায়ক শুভ্রাংশু রায়ের (Subhrangshu Roy) স্ত্রী তথা প্রয়াত রাজনীতিক মুকুল রায়ের পুত্রবধূ শর্মিষ্ঠা ভৌমিক রায়ের (Sharmistha Bhowmick Roy)। যার জেরে রীতিমতো উদ্বেগে দিন কাটাচ্ছে তাঁর পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ২১ অগাস্ট দুই সন্তানকে স্বামীর কাছে রেখে কৈলাস মানস সরোবর যাত্রার উদ্দেশ্যে রওনা দেন শর্মিষ্ঠা দেবী। গত ২৬ অগাস্ট নেপাল-তিব্বত সীমান্ত সংলগ্ন এলাকায় হড়পার পর থেকেই তাঁর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এই কঠিন পরিস্থিতিতে পরিবারটিকে আশ্বস্ত করতে কাঁচরাপাড়ায় শুভ্রাংশু রায়ের বাড়িতে যান রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee) ও তাঁর প্রতিনিধি দল। পরিবারের সদস্যদের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান তাঁরা। মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ্রাংশু রায় ও তাঁর মেয়ের সঙ্গে কথা বলে প্রশাসনিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নিখোঁজদের দ্রত খুঁজে বার করতে রাজ্য সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছে।
উদ্ধার অভিযানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে জানানো হয়েছে, সর্বোচ্চ পর্যায়ে নজরদারি চালানো হচ্ছে এবং নিখোঁজ ভারতীয়দের সুরক্ষার জন্য সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে সময় যত গড়াচ্ছে, শুভ্রাংশুদের পরিবারে উদ্বেগের মেঘ ততই ঘন হয়ে উঠছে।

