Neha Bora | ‘কালি দিয়েই ভবিষ্যৎ লিখব’, বিধানসভা অভিযানের সময় আইসা সভাপতি নেহা বোরার মুখে কালি ছেটানোর অভিযোগ

Neha Bora | ‘কালি দিয়েই ভবিষ্যৎ লিখব’, বিধানসভা অভিযানের সময় আইসা সভাপতি নেহা বোরার মুখে কালি ছেটানোর অভিযোগ

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ঝাড়খণ্ড বিধানসভা অভিযানের সময় ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’ (AISA)-এর সভাপতি নেহা বোরাকে (Neha Bora) লক্ষ্য করে কালি ছোড়ার অভিযোগ উঠল। রাঁচিতে আয়োজিত এই ছাত্র বিক্ষোভে ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC-CGL) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ব্যাপক অনিয়মের প্রতিবাদ জানানো হচ্ছিল। এই ঘটনার পর দ্রুত পদক্ষেপ করে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার ঝাড়খণ্ড বিধানসভা অভিযানের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় এক ব্যক্তি হঠাৎ করেই নেহা বোরার ওপর হামলা চালায়। মিছিলে উপস্থিত অন্যান্য নারী আন্দোলনকারী সহ নেহা বোরার মুখ ও পোশাকে কালো কালি ছোড়া হয়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কালি মাখা মুখের ছবি শেয়ার করে নেহা অভিযোগ করেন যে, এই হামলার নেপথ্যে আরএসএস-বিজেপি আশ্রিত গুণ্ডারা যুক্ত ছিল।

বিক্ষোভকারীদের হাতে পড়ার পর অভিযুক্ত ব্যক্তি সংবাদমাধ্যমের সামনে দাবি করেন যে, তিনি নেহা বোরাকে পছন্দ করেন না কারণ তিনি “দেশবিরোধী কার্যকলাপে” যুক্ত এবং উমর খালিদের সমর্থক। অন্যদিকে, হামলার তীব্র নিন্দা করে নেহা বোরার স্পষ্ট বার্তা, “ওদের কাছে কালি হল কাউকে লজ্জিত করার হাতিয়ার, আর আমরা কালি দিয়েই আমাদের ভবিষ্যৎ লিখব। আমি গর্বের সঙ্গেই এই কালি গায়ে মেখেছি।” এছাড়া অতীতে দিল্লির যন্তরমন্তরে ছাত্র আন্দোলনের সময় পুলিশি লাঠিচার্জ ও পেলেট গানের মুখে পড়ার স্মৃতিচারণ করে তিনি জানান, এসব হামলা চালিয়ে তাঁদের আন্দোলন দমানো যাবে না।

গত মাসে দিল্লির যন্তরমন্তরে ছাত্র আন্দোলনের জেরে দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছিল, যার অন্যতম প্রধান মুখ ছিলেন এই নেহা বোরা। সে সময় টানা ২৩ দিন অনশন চালিয়েছিলেন তিনি। আজকের এই ঘটনার পর নেহা সাফ জানিয়ে দেন, রাজ্যের ছাত্রসমাজ ও যুবদের ক্রমবর্ধমান ক্ষোভকে ধামাচাপা দিতেই এই ধরনের কাপুরুষোচিত আক্রমণ চালানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *