NEET Paper Leak case | নিটকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের! চাঞ্চল্যকর তথ্য

NEET Paper Leak case | নিটকাণ্ডে ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ সিবিআইয়ের! চাঞ্চল্যকর তথ্য

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে (NEET Paper Leak case) গ্রেপ্তার ১৩ জনের বিরুদ্ধে অবশেষে চার্জশিট পেশ করল সিবিআই। মঙ্গলবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে এই চার্জশিট পেশ করা হয়। দীর্ঘ তদন্তের পর প্রশ্নপত্র তৈরির জায়গা থেকে শুরু করে তা কীভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছাল, সেই পুরো চক্রের সন্ধান মিলেছে বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির।

দিল্লির বিশেষ আদালতে পেশ করা এই চার্জশিটে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা, তথ্যপ্রমাণ লোপাট এবং দুর্নীতি দমন আইন সহ একাধিক কড়া ধারা যুক্ত করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, এই মামলায় মোট ৩৬০ জন সাক্ষী, ৪২২টি নথি এবং ৪৩টি বস্তুগত প্রমাণকে ভিত্তি করা হয়েছে। বর্তমানে অভিযুক্ত ১৩ জনই বিচারবিভাগীয় হেপাজতে রয়েছেন। বুধবার এই মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে।

চলতি বছরের ১২ মে শিক্ষা মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে তদন্তভার হাতে নেয় সিবিআই (CBI)। দেশজুড়ে মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা ও দিল্লি সহ মোট ৯২টি জায়গায় তল্লাশি চালিয়ে ডিজিটাল ডিভাইস ও একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়। বিশেষজ্ঞদের মতামত এবং হ্যান্ডরাইটিং পরীক্ষার রিপোর্টের মাধ্যমে প্রশ্ন ফাঁসের বিষয়টি নিশ্চিত হয়েছে তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, চার্জশিটে নাম থাকা অভিযুক্তদের মধ্যে এনটিএ (NTA)-র চুক্তিবদ্ধ তিনজন বিষয়ভিত্তিক শিক্ষক রয়েছেন। তাঁরা হলেন কেমিস্ট্রির প্রশ্নপ্রণেতা পিভি কুলকার্নি, বায়োলজির মনিকা মান্ডারে এবং ফিজিক্সের মনিকা হাভালদার। এছাড়া বেশ কয়েকজন মিডলম্যান বা দালাল এবং কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত দু’জন ব্যক্তিও এই চক্রে জড়িত।

তদন্তে জানা গিয়েছে, কেমিস্ট্রির প্রশ্নকর্তা কুলকার্নি পুনের বাসভবনে বিশেষ কোচিং ক্লাসে পরীক্ষার আগেই উত্তর সহ প্রশ্ন বলে দিয়েছিলেন। একইভাবে মনিকা মান্ডারেও নিজের বাড়িতে ক্লাস চলাকালীন প্রশ্ন ফাঁস করেন। উদ্ধার হওয়া হাতে লেখা নোটের সঙ্গে আসল প্রশ্নপত্রের হুবহু মিল পাওয়া গিয়েছে। তবে সিবিআই স্পষ্ট জানিয়েছে, এই পুরো কেলেঙ্কারিতে সরকারের বা এনটিএ-র কোনও আধিকারিক সরাসরি জড়িত ছিলেন না। শুধুমাত্র চুক্তিবদ্ধ শিক্ষকদের হাত ধরেই এই প্রশ্নপত্র ফাঁস হয়।

উল্লেখ্য, গত ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠায় ১২ মে পরীক্ষা বাতিল করে এনটিএ। এরপর গত ২১ জুন ফের পরীক্ষা নেওয়া হয়। যার ফলাফল প্রকাশিত হয় ১৬ জুলাই। এই পুনরায় নেওয়া পরীক্ষায় প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী সফল হয়েছেন। তবে এই বিশাল দুর্নীতি কাণ্ডে তদন্ত এখনও জারি রয়েছে বলে জানিয়েছে সিবিআই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *