উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: নিটের প্রশ্নফাঁসকাণ্ডে (NEET Controversy) যখন উত্তাল দেশর রাজধানী সহ একাধিক জায়গা, ঠিক তখনই আসরে নামল শাসকশিবির। দেশজুড়ে চলা এই বিক্ষোভের নেপথ্যে গভীর ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে এবার পালটা প্রচারে নেমে পড়ল বিজেপি (BJP)। বৃহস্পতিবার কলকাতায় একটি সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, আন্দোলনের নামে রাজ্যে কোনোভাবেই বিশৃঙ্খলা বা অশান্তি তৈরি করার চেষ্টা বরদাস্ত করা হবে না। এর জন্য পুলিশ ও প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুংকার দিয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায় (Tapas Roy)।
দিল্লিতে নিট প্রশ্নফাঁস কাণ্ড ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) (CJP)। এই আন্দোলনকে সমর্থন জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক, যা বৃহস্পতিবার ২৬ দিনে পড়েছে। সরকারের সঙ্গে এক দফা বৈঠক হলেও তাতে কোনো রফাসূত্র বের হয়নি। এরই মধ্যে শুক্রবার কলকাতায় এসএফআইয়ের ছাত্র ধর্মঘট ও মিছিলের পাশাপাশি সিজেপির তরফেও বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব যৌথভাবে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাদের অবস্থান স্পষ্ট করে।
সাংবাদিক বৈঠকে মন্ত্রী তাপস রায় ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার, মিডিয়া সেলের আহ্বায়ক বিমলশঙ্কর নন্দ এবং যুব মোর্চার সাধারণ সম্পাদক আশিস বিশ্বাস। বৈঠকে প্রশ্নফাঁসের মতো ঘটনায় সরকারের কিছুটা ‘বিচ্যুতি’র কথা স্বীকার করে নিলেও বিজেপি নেতাদের দাবি, কেন্দ্র এই বিষয়ে অত্যন্ত কঠোর পদক্ষেপ করেছে। তবে দিল্লির আন্দোলন এখন আর শুধু নিট বিতর্কে সীমাবদ্ধ নেই বলে অভিযোগ করেছেন তাঁরা। তাপস রায়ের বিস্ফোরক দাবি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো ভারতেও অশান্তি পাকাতে বিদেশ থেকে টাকা আসছে এবং দেশবিরোধী কার্যকলাপ চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘দু’মাস আগে আপনারা রাজ্যকে বাঁচিয়েছেন, এবারও এই চক্রান্ত ব্যর্থ করুন। রাজ্যে কোনো অশান্তি হতে দেব না।’’
পাশাপাশি, অতীতে অবিজেপি ও কংগ্রেস জমানায় কতবার প্রশ্নফাঁস হয়েছে, তার পরিসংখ্যানও তুলে ধরেন বিজেপি নেতারা। দেবজিৎ সরকার অভিযোগ করেন, দিল্লির চলমান আন্দোলনের আড়ালে সাম্প্রদায়িক সংঘর্ষে অভিযুক্তদের মুক্তি ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা ফেরানোর মতো দাবি তোলা হচ্ছে, যার সঙ্গে ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ইতিমধ্যে পেপার লিককাণ্ডে জড়িতদের জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের ঘোষণা করেছেন। শুক্রবার কলকাতার সম্ভাব্য বিক্ষোভ প্রসঙ্গে মন্ত্রী তাপস রায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার সবার থাকলেও তার আড়ালে কেউ আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

