অরুণ ঝা, ইসলামপুর: তৃণমূলের (TMC) পর সিপিএমও প্রার্থী ঘোষণা করে দিল। কিন্তু সোমবারও স্পষ্ট নয়, ইসলামপুরে (Islampur) বিজেপির (BJP) প্রার্থী কে? পদ্ম শিবিরেই এখন তাই প্রশ্ন, আর কবে? বিজেপি সূত্রে খবর, প্রার্থী হওয়ার দৌড়ে রয়েছেন দুজন মহিলা সহ ছয়জন। চর্চায় রয়েছে এক শিল্পপতি ও ঠিকাদারের নামও। যে কারণে প্রার্থী বাছাই করার ক্ষেত্রে হিমসিম খেতে হচ্ছে গেরুয়া শিবিরের নেতৃত্বকে। পাশাপাশি রয়েছে সংঘের সিলমোহর পাওয়ার বিষয়টি। এবারের বিধানসভা ভোটে ইসলামপুর কেন্দ্রটিকে ‘শিওর সিট’ হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব। যে কারণে কিছুটা সাবধানি গেরুয়া শিবির। কেননা, প্রার্থী মনোনয়নে একটু ভুল হলেই, তার মাশুল গুনতে হতে পারে। তার মধ্যে যোগ্য প্রার্থী বঞ্চিত হলে পদ ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে রেখেছেন অনেকেই। যদিও রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলছেন, ‘যোগ্য মানুষকেই প্রার্থী করা হবে। বিজেপির প্রার্থী হবেন ভূমিপুত্রই।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) স্লোগান ‘ভোকাল ফর লোকাল’ মেনে ইসলামপুরের প্রার্থীর ক্ষেত্রে ভূমিপুত্রর কথা বলছেন সাংসদ কার্তিক। কিন্তু কী কারণে প্রার্থী ঘোষণায় দেরি, তা তিনি স্পষ্ট করছেন না। তবে এর পিছনে গোষ্ঠীদ্বন্দ্বের দীর্ঘ ছায়া দেখতে পারছেন অনেকেই। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বিমুখী লড়াই হলে, তা হাড্ডাহাড্ডি হতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা, ঘাসফুল শিবির ১১ বারের বিধায়ক বর্ষীয়ান আবদুল করিম চৌধুরীকে বসিয়ে কানাইয়ালাল আগরওয়ালকে প্রার্থী করেছে। ইসলামপুরের প্রায় ৭০ শতাংশ সংখ্যালঘু ভোটারের মধ্যে যা নিয়ে চাপা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে তা স্বীকার না করলেও তৃণমূল নেতাদের অনেকেই বিষয়টি উড়িয়ে দিতে পারছেন না। বিজেপির মতো তৃণমূলও তাকিয়ে করিমের আগামীর অবস্থানের দিকে।
সম্প্রতি ইসলামপুরে এসে এলাকাটিকে ‘ঈশ্বরপুর’ বানানোর হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। যাকে কেন্দ্র করে ধর্মীয় মেরুকরণ স্পষ্ট হচ্ছে। কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে হিমসিম খেতে হচ্ছে খোদ বিজেপি নেতৃত্বকেই। যা নিয়ে চর্চা চলছে ইসলামপুরের সর্বত্রই। সাংসদ কার্তিকের যুক্তি, ‘ইসলামপুরে প্রার্থী হওয়ার জন্য একাধিক দাবিদার রয়েছেন, তা অস্বীকার করা যাবে না। থাকাটাই স্বাভাবিক। তবে দু’-একদিনের মধ্যে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে যাবে, নিশ্চিত করতে পারি। যোগ্য ও ভূমিপুত্রই আমাদের প্রার্থী হবেন। দলকে জেতাতে সকলে এককাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়বেন।’ করিম প্রসঙ্গে তিনি বলছেন, ‘করিম সাহেব কী অবস্থান নেবেন, তা তাঁর ব্যক্তিগত বিষয়। কিন্তু বিজেপি এবার ইসলামপুর আসনে জয়লাভ করবে, তা নিয়ে কোনও সংশয় নেই।’ প্রার্থীর নাম জানতে না পেরে হতোদ্যম হয়ে পড়া বিজেপি কর্মীরা কবে চাঙ্গা হয়ে ভোটের ময়দানে ঝাপিয়ে পড়েন, এখন সেটাই দেখার।
