ফাঁসিদেওয়া: সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকল শিলিগুড়ির ঘোষপুকুর মোড় সংলগ্ন এলাকা। শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের (NBSTC bus accident) একটি যাত্রীবোঝাই বাস ইসলামপুরের দিক থেকে শিলিগুড়ির দিকে আসছিল। সেই সময় ঘোষপুকুর মোড়ের কাছে একটি লরির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে, বাস ও লরি— দু’টিই দুমড়ে-মুচড়ে গিয়েছে।
ঘটনায় প্রায় ২৫ থেকে ৩০ জন বাসযাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর লরির চালক, খালাসি এবং আরও এক যাত্রীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
বাসের এক যাত্রীর বয়ান অনুযায়ী, লরিটি আচমকা বাসের সামনে এসে বাঁক নিতে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এই সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে ২৭ নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তৈরি হয় তীব্র যানজট। পুলিশ ক্রেন এনে দুর্ঘটনাকবলিত বাস ও লরিটিকে রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। পুলিশ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
