উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের রাজ্য অসমে (Assam) টানা তৃতীয়বার ফুটেছে পদ্ম। মঙ্গলবার গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত হতে চলেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himanta Biswa Sarma) শপথগ্রহণ অনুষ্ঠান (Oath ceremony)। সেই রাজকীয় মঞ্চে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। শনিবারই ব্রিগেডে বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এবার দলের সেই ঐতিহাসিক জয়ের রেশ নিয়ে পড়শি রাজ্যে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন শুভেন্দু।
বিজেপির সাংগঠনিক রীতি অনুযায়ী, কোনও রাজ্যে সরকার গঠনের সময় অন্যান্য বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়। সেই সূত্রেই হিমন্তের তরফে আমন্ত্রণ এসেছে বাংলার মুখ্যমন্ত্রীর কাছে। মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটে পশুচিকিৎসা কলেজ মাঠে এই হাই-প্রোফাইল অনুষ্ঠান আয়োজিত হবে। জানা গিয়েছে, কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি শুভেন্দুর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার মতো হেভিওয়েটরা।
প্রসঙ্গত, গত শনিবার শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানেও নজিরবিহীন ভিড় জমেছিল ব্রিগেডে। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শা থেকে শুরু করে হিমন্ত বিশ্বশর্মা নিজেও উপস্থিত ছিলেন। এবার সেই সৌজন্যের পালটা দিতেই গুয়াহাটি পাড়ি দিচ্ছেন শুভেন্দু।
অসমের ১২৬টি আসনের মধ্যে ৮২টি আসনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ইতিহাস গড়েছে বিজেপি। আর জোটগতভাবে এনডিএ-র দখলে এসেছে ১০২টি আসন। পরিষদীয় দলের নেতা হিসেবে নাম ঘোষণার পর হিমন্ত জানিয়েছেন, আগামী পাঁচ বছর অসমের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।
