উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বিধানসভায় শপথ গ্রহণ এবং হাজিরা খাতায় সইয়ের অমিল নিয়ে জটিলতায় পড়লেন চৌরঙ্গীর তৃণমূল (TMC) বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Nayna Banerjee)। সইয়ের এই অসামঞ্জস্যের তদন্তে নেমে বৃহস্পতিবার সন্ধ্যায় বিধায়কের তালতলার বাসভবনে পৌঁছাল সিআইডি (CID)-র একটি প্রতিনিধি দল। এই তদন্ত প্রক্রিয়াকে ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর জল্পনা। তবে শুধু নয়না নয়, সিআইডির টিম এদিন হানা দেয় কুণাল ঘোষ সহ ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম এবং ডোমজুড়ের বিধায়ক তাপস মাইতির বাড়িতেও।
সূত্রের খবর, শপথের সময় প্রোটেম স্পিকার তাপস রায়ের সামনে দেওয়া নয়নার সই এবং পরবর্তী সময়ে অধিবেশনের হাজিরা খাতায় থাকা সইয়ের মধ্যে বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এই গরমিল নজরে আসার পরই এই বিষয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিধানসভার এক উচ্চপদস্থ আধিকারিক। ঘটনার গুরুত্ব বিচার করে তদন্তে নামে কলকাতা পুলিশ। হস্তাক্ষর বিশেষজ্ঞ দিয়ে এই ব্যপারে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সিআইডি। সেই সূত্র ধরেই বিধায়কের বাড়িতে আজ পৌঁছে যায় সিআইডির টিম।
বৃহস্পতিবার দুপুরে প্রথমবার বিধায়কের বাড়িতে যান সিআইডি আধিকারিকরা। সেই সময় নয়না বাড়িতে ছিলেন না। পরবর্তীতে ফোনে কথা বলার পর, সন্ধ্যায় দুই মহিলা ও চার পুরুষ সদস্যের একটি সিআইডি দল নয়নার বাড়িতে পৌঁছায়। সূত্রের খবর, দলটির সঙ্গে একজন ভিডিওগ্রাফারও ছিলেন এবং তাঁরা বিধায়কের প্যান কার্ডের প্রতিলিপিও সংগ্রহ করেছেন।
ঘটনার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পাঁচবারের বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “পাঁচবার বিধায়ক নির্বাচিত হয়েছি। এই পরিস্থিতি আমার কাছে অত্যন্ত অসম্মানজনক।” গোটা বিষয়টি তিনি পরিষদীয় দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়কে বিস্তারিত জানিয়েছেন।
এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, বিধায়কের সঙ্গে বিস্তারিত কথা না বলে তিনি এখনই কোনো মন্তব্য করতে রাজি নন। তবে সইয়ের এই ‘ছোটখাটো’ গরমিল কীভাবে প্রশাসনিক তদন্তের পর্যায়ে পৌঁছাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন তৃণমূলের অন্দরের অনেকে।
অপরদিকে সিআইডির টিম এদিন কুণাল ঘোষের বাড়িতে গেলেও তাঁর সঙ্গে দেখা হয়নি তাঁদের। সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। তবে জানা গিয়েছে যে, কুণালের সঙ্গে ফোনে কথা হয়েছে সিআইডির এবং বেলেঘাটার বিধায়ক জানিয়েছেন যে, কিছুদিনের মধ্যেই তিনি নিজে গিয়ে সমস্ত অভিযোগের জবাব দিয়ে আসবেন।
