উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: উপনির্বাচনের মুখে ঘাসফুল কাণ্ডের পর এবার ‘খাম’ প্রতীক ঘিরে বঙ্গ রাজনীতিতে শুরু হলো নতুন নাটকীয় মোড়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’কে নির্বাচন কমিশন ‘খাম’ প্রতীক বরাদ্দ করতেই তীব্র অসন্তোষ ছড়িয়েছে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টে (ISF)। আইএসএফ-এর দাবি, এই প্রতীকটি আদতে তাদের। ফলে কমিশনকে চিঠি পাঠিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি (Naushad Siddiqui)।
শুক্রবার ফুরফুরা শরিফে দলীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর বিস্ফোরক মন্তব্য করেন নওশাদ সিদ্দিকি। নথিপত্র পেশ করে তিনি জানান, ২০২১ সালে দলের জন্মলগ্ন থেকেই আইএসএফ ‘খাম’ (Envelope) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে আসছে। এমনকি সম্প্রতি কমিশন থেকেই এই প্রতীকটি যথারীতি রিনিউ বা পুনর্নবীকরণ করানো হয়। নওশাদের তোপ, বিরোধীদের দুর্বল করতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে।তাঁদের পুনর্নবীকরণ করা প্রতীক অন্য দলকে দেওয়া হলো কীভাবে? সিদ্ধান্ত প্রত্যাহার না হলে পূর্ণাঙ্গ আইনি যুদ্ধে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্যদিকে, প্রতীক পাওয়ার পর আইএসএফের এই আপত্তিকে বিশেষ পাত্তা দিতে নারাজ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল। নন্দীগ্রামে তাঁদের প্রার্থী এহতেশামুল হক জানান, নতুন প্রতীক পেয়ে তাঁরা অত্যন্ত সন্তুষ্ট এবং ‘খাম’ চিহ্নকেই সামনে রেখে জোরকদমে নির্বাচনী প্রচারে নামছেন।
The submit Naushad Siddiqui | ‘খাম’ তুমি কার? ঋতব্রতদের নতুন প্রতীক ঘিরে আইএসএফের আইনি হুঙ্কার! appeared first on Uttarbanga Sambad.
