উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ অপেক্ষা ফুরালো! বার্মিংহামের অন্ধকার জগতের সম্রাট টমি শেলবি আবারও ফিরছেন তাঁর চেনা মেজাজে। দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ‘পিকি ব্লাইন্ডার্স: দ্য ইমমর্টাল ম্যান’ (Peaky Blinders:The Immortal Man)-এর প্রথম অফিশিয়াল টিজার। অভিনেতা কিলিয়ান মারফিকে আবারও আইকনিক হ্যাট ও ওভারকোটে দেখে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগুনতি ভক্ত।
কবে ও কোথায় মুক্তি?
২০২২ সালে ষষ্ঠ সিজনের পর এই জনপ্রিয় ড্রামা সিরিজটি শেষ হলেও, গল্প যে এখনও বাকি তা বুঝিয়ে দিয়েছিল ছবির ঘোষণা। আগামী ৬ মার্চ সিনেমাটি নির্বাচিত কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে বিশ্বজুড়ে দর্শকদের জন্য এটি ২০ মার্চ থেকে নেটফ্লিক্সে (Netflix) স্ট্রিম করা হবে।
পুরানো মেজাজে নতুনদের ভিড়
ছবিটি পরিচালনা করছেন টম হার্পার, যিনি সিরিজের একাধিক পর্ব পরিচালনা করেছিলেন। গল্পের মূল কারিগর স্টিভেন নাইট আবারও ফিরিয়ে আনছেন চেনা চরিত্রদের। কিলিয়ান মারফির পাশাপাশি দেখা যাবে সোফি রান্ডল (এডা থর্ন), স্টিফেন গ্রাহাম এবং নেড ডেনেহিকে। তবে চমক এখানেই শেষ নয়; এই ছবিতে যোগ দিয়েছেন ব্যারি কোঘান, রেবেকা ফার্গুসন এবং টিম রথ-এর মতো হেভিওয়েট তারকারা।
“টমি শেলবি আমার পিছু ছাড়েনি”
নিজের প্রিয় চরিত্রে ফেরা নিয়ে কিলিয়ান মারফি বলেন, “মনে হচ্ছে টমি শেলবি আমার ওপর থেকে তাঁর অধিকার ছাড়েনি। স্টিভেন নাইট এবং টম হার্পারের সাথে আবারও কাজ করাটা অত্যন্ত তৃপ্তিদায়ক। এই ছবিটা শুধুমাত্র ভক্তদের জন্য।”
২০১৩ সালে যাত্রা শুরু করা ‘পিকি ব্লাইন্ডার্স’ আজ কেবল একটি সিরিজ নয়, বরং একটি বিশ্বজনীন ফেনোমেনন। শার্প রাইটিং আর কিলিয়ান মারফির পাওয়ার হাউস পারফরম্যান্সের ওপর ভর করে এটি নেটফ্লিক্সের অন্যতম জনপ্রিয় শো হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ফলত, টিজারের সেই ধোঁয়াশাচ্ছন্ন বার্মিংহামের রাস্তা আর শেলবি পরিবারের ‘অর্ডার’ ফের একবার দর্শকদের রোমাঞ্চিত করতে যে প্রস্তুত, সে কথা বলাই বাহুল্য।
