উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া (Jamia Millia Islamia) সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের বর্তমান আন্দোলনের পাশে দাঁড়িয়ে তীব্র সমালোচনার মুখে পড়লেন বিশিষ্ট অভিনেতা নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah)। ৭৬ বছর বয়সি এই অভিনেতা একটি ভিডিওয় প্রকাশ্যে নিজের বুকে ‘দিমাগি নকশাল’ (Dimagi Naxal) লেখা ব্যাজ পরে উপস্থিত হন এবং গর্বের সঙ্গে নিজেকে এই পরিচয়ে চিহ্নিত করেন। পাশাপাশি, দেশের তরুণ প্রজন্মের মনোবল চূর্ণ করা, শিক্ষাব্যবস্থাকে বেহাল করা এবং গণতান্ত্রিক অধিকার খর্ব করার অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।
জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের ছাত্র আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি পুলিশি পদক্ষেপ ও প্রশাসনিক ভূমিকার সমালোচনা করেন। তাঁর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু (Kiren Rijiju)। সামাজিক মাধ্যমে এক পোস্টে রিজিজু দাবি করেছেন, এতদিন নাসিরুদ্দিন শাহকে তিনি একজন সাধারণ অভিনেতা হিসেবেই সম্মান করতেন, কিন্তু তাঁর এমন রাজনৈতিক অবস্থান ও আচরণ ভারতের গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। এমনকি অভিনেতার আসল চরিত্র অনেক দেরিতে বুঝতে পেরেছেন বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালের পর থেকে জামিয়ায় ছাত্র সংসদ নির্বাচন বন্ধ থাকায় বর্তমান ছাত্রসমাজ নতুন করে নির্বাচনের দাবিতে সরব হয়েছে। এই আবহে বর্ষীয়ান অভিনেতার এমন মন্তব্য ও কেন্দ্রীয় মন্ত্রীর পালটা আক্রমণ ঘিরে রাজনৈতিক পারদ চড়েছে।
The submit Naseeruddin Shah | ছাত্র আন্দোলন ও ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে বিস্ফোরক বিতর্ক, নাসিরুদ্দিনকে তীব্র আক্রমণ কিরেন রিজিজুর appeared first on Uttarbanga Sambad.
