উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ নিট (NEET) প্রশ্নফাঁস কাণ্ডের জেরে দেশজুড়ে চলা বিক্ষোভের আবহে পরপর দু’রাত সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi New Follower)। শুক্রবার গভীর রাতে প্রকাশিত দ্বিতীয় ভিডিওটিতে দেশের তরুণ প্রজন্মের বিপুল সাড়ার জন্য ধন্যবাদ জানান তিনি। প্রধানমন্ত্রী জানান, যুবসমাজ যে সমস্ত ইতিবাচক পরামর্শ দিয়েছে, তার ফলে তাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক আরও বেশি মজবুত হয়েছে।
তরুণদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা: সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ওই ভিডিওতে প্রধানমন্ত্রী বলেন, ‘‘ধন্যবাদ বন্ধুরা। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আমি যে ভিডিওটি পোস্ট করেছিলাম, তাতে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন এবং ইতিবাচক পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের এই ভালোবাসা অটুট থাকবে। আমাদের সম্পর্ক আরও শক্তিশালী হবে। ধন্যবাদ, ধন্যবাদ বন্ধুরা।’’
প্রধানমন্ত্রীর এই নতুন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার মাত্র আট মিনিটের মধ্যেই ২৫ লক্ষেরও বেশি ভিউ পায়। শুধু তাই নয়, ইনস্টাগ্রামে ২০ মিনিটের মধ্যে ভিডিওটিতে ১০ লক্ষেরও বেশি লাইক পড়ে।
এর আগে, গত বৃহস্পতিবার রাত ১১টা ৫২ মিনিটে একটি ভিডিও পোস্ট করে দেশবাসীর সামনে আসেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি প্রশ্নফাঁসের ঘটনাকে অত্যন্ত গুরুতর সমস্যা বলে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী জানান, এই ধরনের ঘটনায় লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকরা ভীষণ কষ্ট পেয়েছেন। তবে সরকারের প্রথম অগ্রাধিকার ছিল যাতে কোনো ছাত্রছাত্রীর একটি বছরও নষ্ট না হয়, সেই কারণে দ্রুত পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়।
পাশাপাশি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করতে এবং দোষীদের আরও কঠোর শাস্তি দিতে একটি নতুন খসড়া আইন কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা করা হবে বলে জানান তিনি। চলতি বর্ষাকালীন অধিবেশনেই সংসদে এই বিলটি দ্রুত পাশ করানোর জন্য সরকার যে সবরকম চেষ্টা চালাবে, সে কথাও স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, ওই ভিডিও প্রকাশের পরই রাতারাতি ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১০ লক্ষ বেড়ে যায়।
এদিকে, শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর মন্ত্রীদের ইনস্টাগ্রামে আরও বেশি সক্রিয় হওয়ার পরামর্শ দেন। বৈঠকে তিনি মন্ত্রীদের উদ্দেশ্যে জানান, দেশের বিপুল সংখ্যক তরুণ এই প্ল্যাটফর্মে সময় কাটান। তাই রিলস তৈরির মাধ্যমে তরুণদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর পক্ষে সওয়াল করেন তিনি।

