উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বাংলায় নির্বাচনী উত্তাপ বাড়িয়ে ফের একবার রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চাকরি বিক্রি’ এবং কেন্দ্রীয় প্রকল্প আটকে দেওয়ার মতো একাধিক বিস্ফোরক অভিযোগ তুলে তিনি দাবি করেন, এ বার বাংলার ভাগ্য বদলানোর সময় এসেছে। এ দিন প্রধানমন্ত্রীর ভাষণে বারংবার উঠে আসে রাজ্যের যুবসমাজের কর্মসংস্থানের সংকটের কথা।
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বাংলার বর্তমান সরকার যুবক-যুবতীদের ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার অভিশাপ দিয়েছে। তিনি বলেন, “এখানকার মেহনতি যুবসমাজ আজ না ঠিকমতো ডিগ্রি পাচ্ছেন, না পাচ্ছেন কাজ। ফলে তাঁদের নিজেদের ঘর ছেড়ে অন্য রাজ্যে চলে যেতে হচ্ছে।” কংগ্রেস, বাম এবং তৃণমূল— তিন পক্ষকেই এক সারিতে বসিয়ে মোদীর আক্রমণ, এরা প্রত্যেকেই বাংলার মানুষের উন্নয়নের চেয়ে নিজেদের পকেট ভরতে বেশি মনোযোগী ছিল। তৃণমূলের নাম করে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই সরকার প্রকাশ্য বাজারে সাধারণ মানুষের চাকরি বিক্রি করেছে।
কেন্দ্রীয় প্রকল্পের সুফল বাংলার মানুষের কাছে কেন পৌঁছোচ্ছে না, তার ব্যাখ্যা দিতে গিয়ে ‘কাটমানি’ প্রসঙ্গ টেনে আনেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, তৃণমূল সরকার নিজে কাজ করে না এবং অন্যদেরও করতে দেয় না। কাটমানি না পেলে কোনও প্রকল্পই তারা গ্রামের মানুষের কাছে পৌঁছোতে দিচ্ছে না। তবে এই পরিস্থিতির অবসান ঘটবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। যুবসমাজের স্বপ্নপূরণের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী এ দিন ঘোষণা করেন, “বাংলার ছেলেমেয়েরা এ বার বাংলাতেই কাজ পাবেন— এটাই মোদির গ্যারান্টি।” এ বার বাংলার মানুষই এই ‘হাল’ বদলে দেবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।
