পতিরাম: প্রয়াত কন্যার স্মৃতিকে মানবিকতার আলোয় বাঁচিয়ে রাখতে অনন্য উদ্যোগ নিয়েছেন খাঁপুর উচ্চ বিদ্যালয়ের (Khapur Excessive College) অবসরপ্রাপ্ত শিক্ষক বিজয় কুমার সরকার। তাঁর প্রতিষ্ঠিত ‘নম্রতা মেমোরিয়াল অ্যাওয়ার্ড’ (Namrata Memorial Award)-এর মাধ্যমে প্রতিবছরের মতো এ বছরও বিদ্যালয়ের দুইজন মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়। বৃহস্পতিবার খাঁপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত পঞ্চদশ বর্ষের এই অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এবার সপ্তম শ্রেণির ছাত্রী দিয়া সরকার এবং অষ্টম শ্রেণির ছাত্রী প্রীতি বর্মণ-কে প্রায় সাড়ে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন বিজয়বাবু। দু’জনেই নিজ নিজ শ্রেণির প্রথম স্থানাধিকারী হওয়ায় তাঁদের এই সম্মাননা দেওয়া হয়। প্রয়াত কন্যা নম্রতার স্মৃতিতে গঠিত ট্রাস্টের পক্ষ থেকেই এই বৃত্তি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং বালুরঘাট পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় সরকার। বক্তারা বিজয়বাবুর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন, এমন মানবিক প্রচেষ্টা শুধু আর্থিক সহায়তাই নয়, পড়ুয়াদের মধ্যে আত্মবিশ্বাস ও এগিয়ে চলার অনুপ্রেরণাও জোগায়।
এই প্রসঙ্গে বিজয় কুমার সরকার বলেন, ‘ছোট একটি সহায়তাও যদি কোনও মেধাবী ছাত্রছাত্রীর শিক্ষাজীবনে নতুন আশা জাগাতে পারে, তবেই নম্রতার স্মৃতির প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।’ তাঁর এই উদ্যোগে বিদ্যালয় জুড়ে তৈরি হয়েছে এক অনন্য অনুপ্রেরণার পরিবেশ, যা সমাজের কাছে মানবিকতার (Humanity) এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

