Nagrakata | নাগরাকাটায় পালাবদল! আংরাভাসা-২ গ্রাম পঞ্চায়েতে অনাস্থায় হেরে গেলেন তৃণমূল প্রধান শান্তি ছেত্রী

ব্লগ/BLOG
Spread the love


নাগরাকাটা: ডুয়ার্সের নাগরাকাটার (Nagrakata) আংরাভাসা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী বর্তমান প্রধান শান্তি ছেত্রী অনাস্থা ভোটে পরাজিত হলেন। সোমবার এই পঞ্চায়েতে প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। এই অনাস্থা প্রস্তাবে ভোটাভুটির দিনে তৃণমূলের (TMC) সংখ্যাগরিষ্ঠতা ভেঙে পড়ে এবং প্রধানের বিরুদ্ধে ৮টি ভোট পড়ে। ফলে এই পঞ্চায়েতে তৃণমূলের হাতছাড়া হওয়া এবং বিজেপির বোর্ড গঠন একপ্রকার নিশ্চিত হয়ে যাওয়ায় কর্মী-সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন।

১৫ আসন বিশিষ্ট আংরাভাসা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে গত নির্বাচনে তৃণমূল ৮টি এবং বিজেপি (BJP) ৭টিতে জয়ী হয়েছিল। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনের জেরে পরিস্থিতি পাল্টাতে শুরু করে। সোমবারের ভোটাভুটিতে বিজেপির ৭ জন সদস্যই উপস্থিত ছিলেন। অন্যদিকে, তৃণমূল শিবিরের ১ জন সদস্য বাদে বাকি ৭ জনই গরহাজির থাকেন। ফলস্বরূপ, বিজেপির ৭ এবং এক তৃণমূল সদস্যের ভোট মিলিয়ে মোট ৮টি ভোটই প্রধানের বিরুদ্ধে যায়। যদিও পদচ্যুত প্রধান এর আগেই তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন।

নাগরাকাটা ২ নম্বর মণ্ডল কমিটির সভাপতি মান্না দে জানান, প্রশাসনিক নিয়ম মেনে নতুন প্রধান নির্বাচনের জন্য ফের সভা ডাকা হবে এবং জেলা কমিটি দলের পরবর্তী প্রধানের নাম ঠিক করবে। বিডিও সুব্রত দে জানিয়েছেন, নির্দিষ্ট নিয়ম মেনেই প্রধান পদের জন্য যথাসময়ে সভা আহ্বান করা হবে। যেহেতু এই পঞ্চায়েতের প্রধান পদটি মহিলাদের জন্য সংরক্ষিত, তাই বিজেপির মহিলা সদস্যদের মধ্য থেকেই কেউ পরবর্তী প্রধান হতে চলেছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

The submit Nagrakata | নাগরাকাটায় পালাবদল! আংরাভাসা-২ গ্রাম পঞ্চায়েতে অনাস্থায় হেরে গেলেন তৃণমূল প্রধান শান্তি ছেত্রী appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *