শিলিগুড়ি: দলবিরোধী মন্তব্যের জন্য তৃণমূলের প্রাক্তন শিলিগুড়ি জেলা সভাপতি পাপিয়া ঘোষকে (Papiya Ghosh) শোকজ করল তৃণমূল কংগ্রেস (TMC)। শুক্রবারই তৃণমূলের (TMC) শৃঙ্খলারক্ষা কমিটির তরফে ডেরেক ও ব্রায়েন (Derek O’Brien) চিঠি লিখে পাপিয়া ঘোষের কাছ থেকে তাঁর সাম্প্রতিক মন্তব্যের ব্যাখ্যা চান।
উল্লেখ্য, দলের বিপর্যয়ের পর আইপ্যাকের (IPAC) বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন সভানেত্রী পাপিয়া ঘোষ। পাপিয়া জানিয়েছিলেন, “তৃণমূলে আমরা ছিলাম চাকর। গত পাঁচ বছরে দল কোনো সিস্টেমে চলেনি। দল চলেছে শুধু মালিক আর চাকরের সমীকরণে। আমাদের কাজ ছিল কেবল দাসের মতো নির্দেশ মেনে চলা।” উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের এই শোচনীয় ফলের জন্য দলের অন্দরে বেড়ে ওঠা সিন্ডিকেট-রাজ এবং নেতাদের দম্ভকেই দায়ী করেছিলেন তিনি। তাঁর দাবি, বাংলার মানুষ তৃণমূলকে নয়, বরং দলের দাম্ভিক ও অহংকারী নেতাদের প্রত্যাখ্যান করেছে।
এমনকি পরে শিলিগুড়ির মেয়র গৌতম দেবকেও আক্রমণ করে পাপিয়া। তিনি বলেন, ‘গৌতম দেব নিজেকে শিলিগুড়ির অভিভাবক দাবি করলেও আসলে তিনি উত্তরবঙ্গের বহু প্রতিশ্রুতিমান নেতার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছেন। গৌতম দেব রাজনীতি ছাড়লে তৃণমূল বাঁচবে।”
কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh) কন্যা পাপিয়ার এই বক্তব্য স্বাভাবিকভাবেই অনুমোদন করেনি দল। দলের তরফে তাঁকে ২৪ ঘন্টার মধ্যে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বা লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে। পাপিয়া ঘোষ বলেন, ‘আমি দলবিরোধী কোনও মন্তব্য করিনি, আমি অবশ্যই জবাব দেব।’
