পরাগ মজুমদার, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের (Murshidabad) রাজনীতিতে ফের বড়সড় চমক দিলেন আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির (Humayun Kabir)। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা— এই দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন তিনি। কিন্তু কোন আসনটি তিনি নিজের দখলে রাখবেন, তা নিয়ে রাজনৈতিক মহলে দীর্ঘ জল্পনা ছিল। বৃহস্পতিবার সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে হুমায়ুন জানিয়ে দিলেন, রেজিনগর আসনটি তিনি ছেড়ে দিচ্ছেন এবং সেখানে প্রার্থী হতে চলেছেন তাঁরই পুত্র গোলাম নবী আজাদ রবিন।
এদিন রেজিনগর (Rejinagar) এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে একটি বৈঠক করেন হুমায়ুন কবির। সেখানেই তিনি পদত্যাগের ঘোষণা করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন জানান, দলের কর্মী-সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করেই এই বড় সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রেজিনগর বিধানসভা থেকে তিনি পদত্যাগ করছেন এবং সেখানে দলের প্রার্থী হিসেবে লড়াই করবেন তাঁর ছেলে গোলাম নবী।
হুমায়ুনের পুত্র গোলাম নবী আজাদ রবিন রাজনৈতিক মহলে বেশ পরিচিত মুখ। তিনি সম্প্রতি তৃণমূল কংগ্রেস ছেড়ে বাবার দল আমজনতা উন্নয়ন পার্টিতে যোগ দিয়েছেন। উল্লেখ্য, রবিন ইতিপূর্বে তৃণমূলের টিকিটে পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়ে পূর্ত কর্মাধ্যক্ষ পদের দায়িত্ব সামলেছেন।
একই সঙ্গে দুই আসনে জয়ী হওয়ার পর হুমায়ুন কবির কোন কেন্দ্রটিকে বেছে নেবেন, সেদিকে নজর ছিল সব শিবিরের। নওদা আসনটি নিজের হাতে রেখে রেজিনগরে ছেলেকে প্রার্থী করার এই চাল মুর্শিদাবাদের জেলা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করল।
