উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest) জয় করার পর ফেরার পথে প্রাণ হারালেন দুই ভারতীয় পর্বতারোহী। নেপালের (Nepal) আধিকারিকদের উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদ সংস্থা এই মর্মান্তিক খবর জানিয়েছে। এই খবর প্রকাশ্যে আসার পরেই এভারেস্ট জয়ের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে অভিযাত্রী মহলে।
এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন অফ নেপালের সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারি (Rishi Bhandari) জানিয়েছেন, প্রথম পর্বতারোহী সন্দীপ আড়ে এভারেস্টের চূড়া থেকে ফেরার সময় অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। শেরপা গাইডরা তাঁকে বালকোনি থেকে সাউথ কোল পর্যন্ত নামিয়ে আনার আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে তাঁকে ক্যাম্প-২ তে আনা হয়েছিল।
অন্যদিকে,একই সময়ে অন্য এক পর্বতারোহী অরুণ তিওয়ারি বিকেল ৫টা ৩০ মিনিট নাগাদ এভারেস্টের চূড়ায় পৌঁছন। ফেরার পথে হিলারি স্টেপের কাছে তিনি চরম ক্লান্তিতে অসুস্থ হয়ে পড়েন। চারজন শেরপা গাইড তাঁকে সাহায্য করার চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। হিলারি স্টেপের কাছেই মৃত্যু হয় তাঁর।
এই বছর নেপাল সরকার মাউন্ট এভারেস্ট অভিযানের জন্য রেকর্ড সংখ্যক ৪৯৩টি পারমিট ইস্যু করেছে। ১৯৫৩ সালে তেনজিং নোরগে ও স্যার এডমন্ড হিলারির সাফল্যের পর এটিই এক বছরে সর্বোচ্চ সংখ্যক পারমিট। বুধবার একদিনে রেকর্ড সংখ্যক ২৭৪ জন পর্বতারোহী নেপালের দিক থেকে (সাউথ বেস ক্যাম্প) এভারেস্টের শীর্ষে পৌঁছেছেন। খুম্বু আইসফলের সমস্যার কারণে এ বছর অভিযানের মরশুম দেরিতে শুরু হয়েছিল, যার ফলে ভিড় ও চাপের সৃষ্টি হয়েছে।
এ বছর সানিকা শাহ এবং বিএসএফ-এর অল-উইমেন মাউন্টেনিয়ারিং টিমের মতো বেশ কয়েকজন ভারতীয় সফলভাবে এভারেস্ট জয় করেছেন। কিন্তু এই সফলতার মাঝে দুই পর্বতারোহীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
