আসানসোল: বাংলা-ঝাড়খণ্ড সীমানায় পুলিশের নাকা চেকিং চলাকালীন উদ্ধার হল প্রায় সাড়ে ১৯ লক্ষ টাকা (Money Seizure)। বৃহস্পতিবার রাতে বারাবনি থানার পুলিশ একটি লাল রঙের চারচাকা গাড়ি থেকে নগদ ১৯ লক্ষ ১৬ হাজার টাকা উদ্ধার করে। এই ঘটনায় গাড়িতে থাকা তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা হলো অজয় শংকর দুবে (বিহার), শিব সাগর রায় (বিহার) এবং আশীষ রায় কাভান (ঝাড়খণ্ড)।
ঘটনার বিবরণ: পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে অজয় নদী পার হয়ে ঝাড়খণ্ড সীমান্ত দিয়ে আসানসোলের দিকে আসছিল একটি লাল রঙের চারচাকা গাড়ি। বারাবনির রসুনার কাছে পুলিশি নাকা চেকিংয়ে গাড়িটিকে থামানো হয়। তল্লাশি চালাতেই গাড়ির ভেতর থেকে ১৯ লক্ষ ১৬ হাজার টাকার বান্ডিল উদ্ধার হয়। উদ্ধার হওয়া ওই টাকার উৎস বা বৈধ কাগজপত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ধৃতরা কোনও সদুত্তর দিতে পারেনি। এরপরই পুলিশ তাদের গ্রেফতার করে এবং দুর্গাপুরের নম্বর প্লেট যুক্ত গাড়িটিকে বাজেয়াপ্ত করে।
তদন্ত ও আদালতের রায়: পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ধৃতরা বিহারের সিওয়ান জেলা থেকে ওই টাকা নিয়ে ঝাড়খণ্ডের নলা হয়ে দুর্গাপুরের দিকে যাচ্ছিল। কেন এত বিপুল পরিমাণ টাকা ভিন রাজ্য থেকে নিয়ে আসা হচ্ছিল এবং এর পেছনে কোনও হাওয়ালা চক্র বা অবৈধ কারবার যুক্ত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে শুক্রবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেছেন।
