উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর এবার আরও একধাপ এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। মঙ্গলবার ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে পানাজিয়োটিস ডিমপেরিসের দল একপেশে ম্যাচে ৮-০ গোলে চূর্ণ করল সাউথ ইউনাইটেড এফসিকে (Mohun Bagan vs South United)। এই বিশাল জয়ের সুবাদেই নকআউটের টিকিট নিশ্চিত করে ফেলল সবুজ-মেরুন ব্রিগেড। ম্যাচে অনবদ্য হ্যাটট্রিক করে দারুণ নজর কেড়েছেন তারকা ফরোয়ার্ড মনবীর সিংহ।
গ্রুপের প্রথম ম্যাচে সিআইএসএফকে ২-০ গোলে হারিয়ে মাঠে নামায় খাতায়-কলমে কিছুটা সুবিধাজনক জায়গায় ছিল বেঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড। কিন্তু মাঠের লড়াইয়ে সবুজ-মেরুন ফুটবলারদের সামনে পাত্তাই পেল না তারা। শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে মোহনবাগান। সাউথ ইউনাইটেডের রক্ষণাত্মক কৌশল মোহনবাগানের গতিশীল ফুটবলের সামনে সম্পূর্ণ ভেঙে পড়ে। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে গিয়ে ম্যাচের ফল কার্যত নিশ্চিত করে ফেলেছিল মোহনবাগান। ম্যাচের ৪ মিনিটে গোল করে দলের খাতা খোলেন মনবীর সিং। এর পর ১০ মিনিটে ব্যবধান বাড়ান ডিফেন্ডার আলবার্তো রডরিগেজ, ১৯ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি করেন রাহুল ভেকে এবং ২২ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে প্রথমার্ধেই স্কোরলাইন বড় করেন মনবীর।
পুরো ম্যাচেই খেলার বল মূলত সাউথ ইউনাইটেডের অর্ধে আটকে ছিল। দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের খেলায় কোনো উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। মোহনবাগানের ফুটবলারদের পায়ের জাদুতে দিশাহারা হয়ে পড়ে বেঙ্গালুরুর ক্লাবটি। ৬০ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন মনবীর সিং। এরপর ৮৫ মিনিটে সাউথ ইউনাইটেডের ডিফেন্ডার ও গোলরক্ষকের চরম ভুল বোঝাবুঝির সুযোগ নিয়ে আত্মঘাতী গোল উপহার পায় মোহনবাগান। ম্যাচের ৮৯ মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই গোল করেন তরুণ স্ট্রাইকার সুহেল ভাট এবং সংযুক্ত সময়ে নিজের দ্বিতীয় এবং দলের পক্ষে অষ্টম গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন তিনি। তবে এত বড় ব্যবধানে ম্যাচ জেতা সত্ত্বেও টুর্নামেন্টে দুর্বল দলের বিরুদ্ধে এমন একপেশে লড়াই ভারতীয় ফুটবলের মান এবং ডুরান্ডের ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্নচিহ্ন তুলে দিল।

