উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: কম উপস্থিতির জেরে পরীক্ষায় বসতে না দেওয়ার সিদ্ধান্ত ঘিরে ছাত্রবিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠল সুরেন্দ্রনাথ (Surendranath) আইন কলেজ। প্রায় ২৩ ঘণ্টা ঘেরাও থাকার পর ‘চোর-চোর’ স্লোগানের মধ্যে বাধ্য হয়ে পদত্যাগপত্র দিয়ে কলেজ ছাড়লেন উপাধ্যক্ষ মহম্মদি তরন্নুম (Mohammadi Tarannum)। তবে বেরিয়েই তাঁর বিস্ফোরক দাবি— জোর করে তাঁকে পদত্যাগপত্রে সই করানো হয়েছে, তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেননি।
গত বুধবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে সামিল হন পড়ুয়ারা (Pupil)। তাঁদের উপস্থিতি ৪০ শতাংশের কম থাকায় পরীক্ষার ফর্মপূরণ স্থগিত করা হয়েছিল। সকালে ক্লাস চালুর নির্দেশ দেওয়া হলেও মেট্রো না পাওয়ার সমস্যা ও তাঁদের উপস্থিতি সংক্রান্ত সঠিক নথি না থাকার অভিযোগ তোলেন পড়ুয়ারা। এরপর বৃহস্পতিবার উপাধ্যক্ষকে ঘেরাও করা হয়। পরবর্তীতে শুক্রবার পুলিশের সহযোগিতায় নিজের ঘর থেকে বেরিয়ে আসেন মহম্মদি তরন্নুম। তাঁর অভিযোগ, প্রায় দু’দিন তাঁকে ঘরে আটকে রেখে জল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। তাঁর সঙ্গে থাকা অন্য শিক্ষকদেরও বার করে দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর এবং উচ্চ শিক্ষামন্ত্রীর কাছে ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
অন্যদিকে, প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ উঠলেও পুলিশের দাবি, কলেজ কর্তৃপক্ষের তরফে তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উপাধ্যক্ষের শারীরিক পরীক্ষার ব্যবস্থাও করে। উপাধ্যক্ষ কলেজ ছাড়ার পর পড়ুয়াদের একাংশ কলেজ ভবনে ধূপ ও গঙ্গাজল ছিটিয়ে ‘শুদ্ধিকরণ’ করেন।
The submit Mohammadi Tarannum | ‘চোর-চোর’ স্লোগানের মাঝে পদত্যাগ! জোর করে ইস্তফাপত্র লিখিয়ে নেওয়ার অভিযোগ সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষের appeared first on Uttarbanga Sambad.
