Migraine vs. Sinus | গরমে তীব্র মাথাব্যথা? সাইনাস নাকি মাইগ্রেন, কীভাবে বুঝবেন পার্থক্য?

Migraine vs. Sinus | গরমে তীব্র মাথাব্যথা? সাইনাস নাকি মাইগ্রেন, কীভাবে বুঝবেন পার্থক্য?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: গরমে আবহাওয়ার খামখেয়ালিপনা আর রোদের দাপটে মাথাব্যথার সমস্যায় ভোগেন অনেকেই। কখনও তীব্র রোদ, আবার কখনও ভ্যাপসা গরম— সব মিলিয়ে নাজেহাল অবস্থা। তবে এই মাথাব্যথা কি সাধারণ, নাকি মাইগ্রেন বা সাইনাসের কোনও উপসর্গ? পার্থক্য না বোঝার ফলে সঠিক চিকিৎসা নেওয়াও কঠিন হয়ে পড়ে। চিকিৎসকদের মতে, উপসর্গগুলো খেয়াল করলেই এই দুই সমস্যার পার্থক্য বোঝা সম্ভব (Migraine vs. Sinus)।

সাইনাসের লক্ষণ ও প্রকৃতি:

গরমের দিনে সংক্রমণের ঝুঁকি বেশি থাকায় সাইনাসের সমস্যা মাথাচাড়া দেয়। সাইনাসের ব্যথার ক্ষেত্রে মাথাব্যথার পাশাপাশি নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ থাকা এবং নাকে জ্বালাভাব থাকে। অনেক সময় নাক থেকে রক্তপাতও হতে পারে। সাইনাসের ব্যথার প্রভাব পড়ে দাঁত, চোখ এবং হাড়ের ওপর। যাদের সাইনাসের সমস্যা থাকে, তাঁদের প্রায়ই অ্যালার্জি, ত্বকের সংক্রমণ বা চুলকানির মতো সমস্যাও দেখা দেয়। এমনকি কিছু ক্ষেত্রে সামান্য জ্বরও আসতে পারে।

মাইগ্রেনের লক্ষণ ও প্রকৃতি:

মাইগ্রেনের ব্যথার ধরন সম্পূর্ণ আলাদা। মাইগ্রেনের ব্যথা সাধারণত মাথার যেকোনও এক পাশে হয় এবং দপদপ করতে থাকে। এই ব্যথা ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। মাথার পাশাপাশি ঘাড় ও পিছনের দিকেও যন্ত্রণা অনুভূত হয়। মাইগ্রেনের রোগীদের বমিভাব থাকে এবং আলো বা শব্দে তাঁদের কষ্ট বেড়ে যায়। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত চা-কফি, সিগারেট বা মদ্যপান মাইগ্রেনের ব্যথাকে আরও উসকে দেয়।

সতর্কতা:

গরমকালে ডিহাইড্রেশন থেকেও তীব্র মাথাব্যথা হওয়া স্বাভাবিক। তাই প্রচুর পরিমাণে জল পান করা এবং শরীর ঠান্ডা রাখা জরুরি। তবে যদি নিয়মিত এই ধরনের ব্যথা হতে থাকে, তবে নিজে থেকে ওষুধ না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *