মেখলিগঞ্জ: আবাস যোজনার (Awas Yojana) কাটমানি ফেরতের দাবিতে উত্তাল হয়ে উঠল মেখলিগঞ্জ (Mekhliganj) ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা। বৃহস্পতিবার দুপুরে কাটমানি ফেরতের দাবিতে পঞ্চায়েত প্রধান লিপিকা রায়ের বাড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘ দিন ধরে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রধানের স্বামী উত্তম কুমার রায় উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। অনেক উপভোক্তার অভিযোগ, টাকা দিতে না পারায় ইচ্ছে করে তাঁদের নাম তালিকা থেকে বাদ দিয়েছেন প্রধান। স্বপন বসাক নামে এক গ্রামবাসীর দাবি, তাঁর তিন ভাই ঘর পেলেও প্রধানের স্বামী তাঁদের কাছ থেকে মোট ৪৫ হাজার টাকা নিয়েছেন। তিনি আরও অভিযোগ করেন, প্রধান ও তাঁর স্বামী গত কয়েক বছরে কাটমানির (Minimize Cash) টাকায় বিলাসিতা করছেন, অথচ আগে তাঁরা সাধারণ অবস্থায় ছিলেন।
বিক্ষোভে সামিল সান্তনা রায় অধিকারী বলেন, শাশুড়ির নামে ঘর আসার পর বাধ্য হয়ে ১০ হাজার টাকা দিতে হয়েছিল। শাসক দলের দাপট দেখিয়ে হুমকি দেওয়া হতো বলে অভিযোগ। পাশাপাশি, এলাকায় রাস্তার কাজেও টাকা নয়ছয়ের অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও বিক্ষোভের সময় প্রধান ও তাঁর স্বামী বাড়িতে ছিলেন না।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধানের স্বামী উত্তম কুমার রায়। তিনি সাফ জানিয়েছেন, “যারা আমার বাড়িতে গিয়ে এসব কথা বলেছে সব মিথ্যা। যদি আমার টাকা নেওয়ার কোনো প্রমাণ কেউ দিতে পারে, তবেই আমি টাকা ফেরত দেব।”
ঘটনাটি নিয়ে এলাকায় তীব্র রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। গ্রামবাসীরা জানিয়েছেন, টাকা ফেরত না পাওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে মেখলিগঞ্জের বিধায়কের দ্বারস্থ হবেন।
