Baruipur Incident | বারুইপুরে মুখ্যমন্ত্রী: নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, অপরাধীদের কঠোর সাজার বার্তা

Baruipur Incident | বারুইপুরে মুখ্যমন্ত্রী: নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ, অপরাধীদের কঠোর সাজার বার্তা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: বারুইপুরের ঘটনায় (Baruipur Incident) উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার সেখানে পুলিশ সুপারের (এসপি) অফিসে পৌঁছোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। এদিন দুপুরে তিনি সরাসরি নবান্ন (Nabanna) থেকে এসপি অফিসে পৌঁছে তিনি মৃত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি, এই ঘটনায় গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের সঙ্গেও তাঁর কথা বলার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বারুইপুরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

এসপি অফিসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত রবিবার থেকে বারুইপুর ঘটনায় উত্তাল হয়ে রয়েছে। স্থানীয় একটি পুকুর থেকে ওই কিশোরীর দেহ উদ্ধারের পর থেকেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। এই ঘটনায় ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিন মুখ্যমন্ত্রীর সফরের আগে থেকেই বারুইপুর ছিল রাজনৈতিক নেতাদের পদচারণায় মুখর। সকালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। পরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী ঘোষরা এলাকায় যান। তবে ওই জনপ্রতিনিধিদের দেখে স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখালে কিছুটা উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়, যা পরে পুলিশ নিয়ন্ত্রণ করে।

বৈঠক শেষে সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী আমাদের সকলের সঙ্গে কথা বলেছেন এবং ঘটনার সবিস্তার খোঁজখবর নিয়েছেন। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া যাবে না। দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন জঘন্য কাজে লিপ্ত হতে সাহস না পায়।’’

সংশ্লিষ্ট সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের যাবতীয় দাবিদাওয়া গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছেন। পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ডিজি-র সঙ্গে মুখ্যমন্ত্রীর দীর্ঘ আলোচনা হয়েছে। বারুইপুরের এই নৃশংস ঘটনার বিচার চেয়ে বর্তমানে নজর গোটা বাংলার। অপরাধীরা শেষ পর্যন্ত কী শাস্তি পায়, এখন সেটাই দেখার অপেক্ষায় এলাকাবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *