Mekhliganj | আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি! মেখলিগঞ্জে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

Mekhliganj | আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে তোলাবাজি! মেখলিগঞ্জে গ্রেপ্তার দুই তৃণমূল নেতা

ব্লগ/BLOG
Spread the love


জামালদহ: সরকারি প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তোলার অভিযোগে উত্তপ্ত কোচবিহারের মেখলিগঞ্জ (Mekhliganj)। এই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে মেখলিগঞ্জের উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত সদেস্য রাজকুমার বর্মন এবং তৃণমূল (TMC) নেতা ও তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্যার স্বামী বাবুল হোসেন মিয়াঁকে। বৃহস্পতিবার রাতে মেখলিগঞ্জ থানার পুলিশ এই দুজনকে গ্রেপ্তার করে শুক্রবার মহকুমা আদালতে পেশ করেছে।

অভিযোগ, উচলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ৩২ নম্বর বুথের বেশ কয়েকজন বাসিন্দাকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। এশারুদ্দিন মিয়াঁ, বিনোদ মন্ডল, অমিয় বালা বর্মন এবং দ্বিজেন্দ্রনাথ অধিকারী নামে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন যে, পঞ্চায়েত সদস্য রাজকুমার বর্মন ক্ষমতার দাপট দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে আদায় করেছেন।

ভুক্তভোগী এশারুদ্দিন মিয়াঁর দাবি, টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ঘর বাতিল করে দেওয়া এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হত। চরম ভয় ও মানসিক চাপের মুখে পড়ে বাধ্য হয়েই তাঁরা টাকা তুলে দেন। ভুক্তভোগীরা কেবল টাকা ফেরত চাননি, বরং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় বিজেপি (BJP) নেতা ছতিশ রায় জানান, ঘর পাইয়ে দেওয়ার নামে তৃণমূল নেতারা টাকা নিয়েছেন। তিনি আরও দাবি করেন, ভয়ে অনেকে এখনো মুখ খুলতে সাহস পাচ্ছেন না।

অন্যদিকে, ধৃত বাবুল হোসেন মিয়াঁর পরিবারের দাবি, রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাঁদের ফাঁসানো হয়েছে; কারও কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি। মেখলিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *