চালসা: ডুয়ার্সের বুকে ফের খুশির হাওয়া! দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পুজোর আগেই পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের (Dooars Tourism) মুখে চওড়া হাসি ফোটাতে তৈরি হচ্ছে নতুন মূর্তি সেতু (Murti bridge)। আগামী ২২ সেপ্টেম্বর এই নবনির্মিত সেতুটির উদ্বোধনে আসতে পারেন মুখ্যমন্ত্রী। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত প্রশাসনিক সিলমোহর পড়েনি, তবে জল্পনা আর গুঞ্জনে চনমনে হয়ে উঠেছে গোটা এলাকা।
মুখ্যমন্ত্রীর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে হাই-ভোল্টেজ তৎপরতা। এদিন জলপাইগুড়ির জেলা পুলিশ সুপার সুজাতা কুমারি বীণাপানি নিজে চালসার টিয়াবন এলাকার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে সদ্যনির্মিত মূর্তি সেতু পর্যন্ত চষে বেড়ান। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে গোটা এলাকা।
পুলিশ সুপারের এই পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন মাল মহকুমা পুলিশ আধিকারিক সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শ্রীনিবাস এমপি, মাটিয়ালি ব্লকের বিডিও সুমন্ত ভৌমিক এবং মেটেলি থানার আইসি মিংমা লেপচার মতো শীর্ষস্থানীয় প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা।
উল্লেখ্য, বহুদিন আগেই রাজ্য পূর্ত ও সড়ক দপ্তরের উদ্যোগে মূর্তি নদীর উপরে এই নতুন বেইলি সেতুর নির্মাণের কাজ শেষ হয়েছে। উৎসবের মরশুমের ঠিক আগে এই প্রজেক্টের কাজ শেষ হওয়ায় বেজায় খুশি স্থানীয় হোমস্টে ও রিসর্ট মালিকের পাশাপাশি সাধারণ মানুষ।

