Donald Trump | পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান, তালিকায় চিনও! বিস্ফোরক দাবি ট্রাম্পের

Donald Trump | পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে পাকিস্তান, তালিকায় চিনও! বিস্ফোরক দাবি ট্রাম্পের

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিয়ে বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর দাবি, গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা (Nuclear weapons testing) করছে পাকিস্তান (Pakistan)। শুধু পাকিস্তানই নয়, এই তালিকায় রয়েছে চিন, রাশিয়া, উত্তর কোরিয়াও। এই পরিস্থিতিতে আমেরিকাতেও নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কিন্তু ভারতের দুই প্রতিবেশী দেশ চিন (China) ও পাকিস্তান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে, তবে তা নয়াদিল্লির জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগের বিষয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা করছে, এমনকি চিনও করছে। কিন্তু তারা প্রকাশ্যে সেটা নিয়ে কথা বলে না। আমরা গণতান্ত্রিক দেশ, আমরা বলি। ওদের দেশে এমন কোনও সাংবাদিক নেই, যারা এই ব্যাপারে লিখবে।’ এরপরই ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়াও পরীক্ষা চালাচ্ছে। সেই সঙ্গে পাকিস্তানও।’

এই সাক্ষাৎকারেই ফের গত মে মাসে ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে মার্কিন মধ্যস্থতার দাবি করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, সে সময় পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত এবং পাকিস্তান। কিন্তু ট্রাম্পই বাণিজ্য ও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে তা ঠেকিয়েছিলেন। তিনি হস্তক্ষেপ না করলে লক্ষ লক্ষ মানুষ মারা যেত বলেও জানিয়েছেন ট্রাম্প। তাঁর কথায়, ‘আমি দু’পক্ষকেই বলেছিলাম, যদি তোমরা না থামো, তাহলে তোমরা আমেরিকার সঙ্গে কোনও ব্যবসা করতে পারবে না।’

তবে পাকিস্তান ও চিন পারমাণবিক অস্ত্র পরীক্ষা করলে তা ভারতের জন্য চিন্তার বিষয় হতে চলেছে। কারণ ভারত ‘নো ফার্স্ট ইউজ’ নীতি মেনে চলে। শুধু তাই নয়, ১৯৯৮ সালের পর থেকে কোনও পারমাণবিক পরীক্ষাও করেনি নয়াদিল্লি। এরই মাঝে ট্রাম্পের দাবি, পারমাণবিক অস্ত্রধারী দেশগুলি গোপনে ভূগর্ভস্থভাবে এই পরীক্ষা চালাচ্ছে। যার ফলে শুধুমাত্র মৃদু কম্পন অনুভূত হয়। সেই কারণেই সাধারণ মানুষ এই বিষয়ে কিছু জানতে পারছে না।

এদিকে, ৩৩ বছর ধরে বন্ধ থাকার পর আমেরিকায় ফের পারমাণবিক অস্ত্র পরীক্ষার ইঙ্গিতও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ট্রাম্প স্পষ্ট করেছেন, এই মুহূর্তে কোনও বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেই আমেরিকার। যা হবে তা কেবল প্রথাগত পরীক্ষানিরীক্ষা। পরমাণু অস্ত্রের সমস্ত অংশ পরীক্ষা করে দেখা হবে। নির্দিষ্ট সময়ে কোনও অংশ বিগড়ে যেতে পারে কি না, তা থেকে সঠিকভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব কি না, সে সব খতিয়ে দেখা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *