উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : কেন্দ্রকে সংঘর্ষবিরতির প্রস্তাব দিয়েছে মাওবাদীরা। সেই সঙ্গে সশস্ত্র সংগ্রাম আপাতত স্থগিত রাখার ঘোষণা করেছে তারা। এবিষয়ে একটি বিবৃতি জারি করা হয়েছে মাওবাদীদের তরফে। তারা শান্তি আলোচনার জন্য কেন্দ্রকে এক মাসের সংঘর্ষবিরতির প্রস্তাব দিয়েছে। সশস্ত্র কার্যকলাপ স্থগিত, জনসাধারণের স্বার্থে কাজ এবং অন্য রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্য গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করা হয়েছে বিবৃতিতে।
ভারতের কমিউনিস্ট পার্টি (মাওবাদী) তাদের ঘাঁটি আবুঝমদের পতন এবং যৌথ বাহিনীর সাম্প্রতিক অভিযানে শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুর পর কোণঠাসা হয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, সেকারণে সশস্ত্র অভিযান সাময়িকভাবে স্থগিতের ঘোষণা করেছে মাওবাদীরা। কেন্দ্রের কাছে এক মাসের সংঘর্ষবিরতির প্রস্তাব দিয়ে জারি করা হয়েছে বিবৃতি। মাওবাদীরা তাদের সহকর্মী এবং কারাবন্দি সদস্যদের সঙ্গে শান্তি আলোচনা সংক্রান্ত বিষয়ে পরামর্শ করতে চায়। এই সময়ে সরকারকে নিরাপত্তা অভিযান বন্ধের আর্জি জানানো হয়েছে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই প্রথম সংগঠনটি হিংসা বন্ধ এবং আলোচনায় যোগদানের ইচ্ছা প্রকাশ করেছে। মুখপাত্র কমরেড অভয় স্বাক্ষরিত ১৫ অগাস্টের বিবৃতিটি প্রকাশিত হয়েছে ১৬ সেপ্টেম্বর। ততদিনে অবশ্য সংঘর্ষবিরতির প্রস্তাবিত সময় পেরিয়ে গিয়েছে।
চলতি বছরের শুরুতে ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে সংগঠনের প্রাক্তন সাধারণ সম্পাদক প্রয়াত নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর মৃত্যু হয়। তিনি শান্তি আলোচনায় উদ্যোগী হয়েছিলেন। বিবৃতিতে সিপিআই (মাওবাদী)-এর তরফে বলা হয়েছে, ‘দলের সাধারণ সম্পাদক (প্রয়াত বাসবরাজুর) উদ্যোগে শুরু হওয়া শান্তি আলোচনার প্রক্রিয়া আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা স্পষ্ট করে বলছি যে, পরিবর্তিত বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি এবং সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অস্ত্র ত্যাগ করে মূলধারায় যোগদানের ক্রমাগত অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা অস্ত্র ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, মাওবাদীরা সশস্ত্র কার্যকলাপ স্থগিত করে জনসাধারণের স্বার্থে কাজ করা অন্যান্য রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যের চেষ্টা করবে। মাওবাদীরা বলেছে, ‘আমরা সশস্ত্র সংগ্রাম সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা করছি। ভবিষ্যতে আমরা যতদূর সম্ভব জনসাধারণের স্বার্থে লড়াই করা সমস্ত রাজনৈতিক দল এবং সংগঠনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।’
কেন্দ্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা তাঁর নিযুক্ত ব্যক্তিদের সঙ্গে অথবা প্রতিনিধি দলের সঙ্গে কথা বলতে প্রস্তুত। কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের অনুরোধ, বিভিন্ন রাজ্যে কর্মরত আমাদের সহকর্মী এবং কারাবন্দিদের সঙ্গে পরামর্শের জন্য আমাদের এক মাস সময় দেওয়া হোক।’ তাদের বক্তব্য, ‘সরকারের অবিলম্বে এক মাসের জন্য আনুষ্ঠানিক সংঘর্ষবিরতি ঘোষণা করা উচিত, তল্লাশি অভিযান বন্ধ এবং শান্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়া উচিত।’
ছত্তিশগড় সরকার এই বিবৃতির সত্যতা যাচাই করছে বলে জানিয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা সাংবাদিকদের বলেছেন, ‘মাওবাদীদের জন্য সর্বোত্তম উপায় হল আত্মসমর্পণ করা এবং পুনর্বাসনের সুবিধা গ্রহণ করা।’
বস্তার পুলিশের মহাপরিদর্শক পি সুন্দররাজ বলেছেন, ‘আমরা সিপিআই (মাওবাদী)-এর কেন্দ্রীয় কমিটির নামে জারি করা একটি প্রেস বিজ্ঞপ্তি লক্ষ্য করেছি। এই বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করা হচ্ছে।’ যদিও কেন্দ্রীয় সরকার মাওবাদীদের সঙ্গে শান্তি আলোচনা বা সংঘর্ষ বিরতি প্রস্তাব সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা একাধিকবার মাওবাদী নির্মূলের বার্তা দিয়েছেন। সেই মতো প্রায়ই চলছে যৌথ অভিযান। নিকেশ করা হচ্ছে মাওবাদীদের। এমন পরিস্থিতি সংঘর্ষবিরতি ও আলোচনার প্রস্তাব দিয়ে মাওবাদীদের এই বিবৃতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
