ময়নাগুড়ি: উত্তরবঙ্গের ৫০০ বছরের প্রাচীন লোকসংস্কৃতির ধারক, সারিন্দা বাদনের কিংবদন্তি শিল্পী মঙ্গলা কান্ত রায় আর নেই। ১০৪ বছর বয়সে বৃহস্পতিবার গভীর রাতে ময়নাগুড়ির আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের ধওলাগুড়িতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (Mangala Kanta Roy Passes away)। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ও গলার সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ শিল্পী।
শিল্পের সাধনায় এক শতাব্দী
মঙ্গলা কান্ত রায়ের হাত ধরেই সারিন্দা বাদনের মতো বিলুপ্তপ্রায় লোকশিল্প নতুন করে প্রাণ পেয়েছিল। তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাজ্য সরকার তাঁকে ২০১৭ সালে ‘বঙ্গরত্ন’ এবং ভারত সরকার ২০২৩ সালে দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করে। তাঁর প্রয়াণে উত্তরবঙ্গের লোকসংস্কৃতির ইতিহাসে এক নক্ষত্রপতনের সৃষ্টি হলো।
শেষ সময় ও শেষকৃত্য
পরিবার সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে শারীরিক অসুস্থতার কারণে তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালে থাকতে না চাওয়ার ইচ্ছায় পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে ফিরিয়ে আনেন। গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শুক্রবার সকালে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ধওলাগুড়িতে শোকের ছায়া নেমে আসে। শেষ শ্রদ্ধা জানাতে কাতারে কাতারে মানুষ তাঁর বাড়িতে ভিড় জমান। শিল্পীর শেষ ইচ্ছানুযায়ী, তাঁর বাড়ির পাশেই নিজস্ব জমিতেই শেষকৃত্য সম্পন্ন হবে।
