উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন বর্ষীয়ান রাজনীতিবিদ তথা রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলার শুনানি হয়। আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, মানস ভুঁইয়া সহ মামলার বাকি অভিযুক্তদের এই মুহূর্তে গ্রেপ্তার করা যাবে না। তবে প্রাক্তন মন্ত্রীকে তদন্তে সবরকম সহযোগিতা করতে হবে এবং আদালতের অনুমতি ছাড়া তিনি সবংয়ের বাইরে যেতে পারবেন না।
রাজ্যে ক্ষমতা বদলের পর সবং থানায় মানস ভুঁইয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বিকাশ কুমার টুং নামে এক যুবক। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তাঁর স্ত্রী মঞ্জু সাহু টুংকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অভিযোগ, তৎকালীন মন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়ার মধ্যস্থতায় তৃণমূল নেতা শেখ আবু কালাম বক্স ও ভোলানাথদের মাধ্যমে ৫ লক্ষ টাকার বিনিময়ে সেই চাকরির ব্যবস্থা করা হয়। অভিযোগপত্র অনুযায়ী, গত ১ মার্চ ২০২৬ তারিখে কাজে যোগ দেন মঞ্জু সাহু টুং। মাত্র দু’মাসের মাথায়, গত ৬ মে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাঁকে জানানো হয় যে তাঁর চাকরি বাতিল করা হয়েছে।
এই অভিযোগের ভিত্তিতে সবং থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার ৩১৮(৪) এবং ৬১(২) ধারায় মামলা রুজু করে প্রাক্তন মন্ত্রীকে নোটিশ পাঠায় ও কয়েক ঘণ্টা জেরা করে। এরপর মানস ভুঁইয়া মেদিনীপুর জেলা আদালতে আগাম জামিনের আবেদন করলেও শুনানি স্থগিত হয়ে যায়। এই পরিস্থিতিতে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত তাঁকে এই অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়।

