Mamata Banerjee | অভিষেকের ক্যামাক স্ট্রিটের দপ্তরে ‘মধ্যরাতে হামলা’, বিজেপিকে তীব্র আক্রমণ করে দিল্লি অভিযানের হুঁশিয়ারি মমতার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ক্যামাক স্ট্রিটের কার্যালয়ে ‘মধ্যরাতে হামলা’ নিয়ে অভিযোগ তুলে সরব হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেলে ফেসবুক লাইভে এই ঘটনার জন্য সরাসরি শাসক দল বিজেপিকে দায়ী করেছেন তিনি। মমতার বিস্ফোরক অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা রাতের অন্ধকারে দপ্তর তছনছ করে মূল্যবান জিনিসপত্র লুট করেছে এবং দলের চার কর্মীকে ভেতরে আটকে রেখে অকথ্য অত্যাচার চালিয়েছে। পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে তোপ দেগে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই অত্যাচার না থামলে প্রয়োজনে তিনি দিল্লি গিয়ে বিজেপি নেতাদের বাড়ির সামনে ধর্নায় বসবেন।

বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের ওই কার্যালয়ে একদল দুষ্কৃতী চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দপ্তর থেকে এয়ার পিউরিফায়ার, প্রিন্টার, টিভি ও অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে তৃণমূলের দাবি। এই ঘটনায় ইতিমধ্যে পুলিশ ছ’জনকে গ্রেপ্তার করলেও, এর নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে দাবি করেছেন মমতা। তাঁর কটাক্ষ, খাস কলকাতার বুকে যাঁরা এই বর্বরতা চালাচ্ছেন, তাঁরা গ্রামবাংলায় কী করছেন তা সহজেই অনুমেয়। পাশপাশি, বারুইপুরকাণ্ড ও পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পুলিশের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে মমতা বলেন, রক্ষক থেকে তাঁরা ভক্ষক হয়ে উঠছেন। তবে সমস্ত পুলিশ অফিসারদের এক না করে, যাঁরা আইন মেনে কাজ করছেন তাঁদের তিনি শ্রদ্ধা করেন বলেও জানান। একই সঙ্গে বিজেপি নেতৃত্বকে সতর্ক করে তিনি বলেন, “দিন চিরকাল এক থাকে না, বিজেপিও (BJP) চিরকাল ক্ষমতায় থাকবে না।” যাঁরা আজ ক্ষমতার অপব্যবহার করে বিরোধী স্বরকে দাবিয়ে রাখতে চাইছেন, তাঁদের একদিন চরম মূল্য চোকাতে হবে বলে মন্তব্য করেন তিনি।

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গ টেনেও বিজেপি সরকারকে একহাত নেন মমতা। তাঁর অভিযোগ, রাজ্যে গণতন্ত্র ও সাধারণ মানুষের জীবন-জীবিকা আজ বিপন্ন। দলের চার হাজারের বেশি পার্টি অফিস দখল করা হয়েছে এবং হাজার হাজার মিথ্যা এফআইআর দায়ের করে তৃণমূলকে থামানোর চেষ্টা চলছে। তবে এই দমনপীড়ন যে দীর্ঘস্থায়ী হবে না, সে বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তৃণমূল নেত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *