উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : হুগলির শ্রীরামপুরে সভার অনুমতি পেল কালীঘাট তৃণমূল। আগামী শুক্রবার মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে ওই কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে উপস্থিত থাকতে পারেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের অনুমতি না দিলেও শর্তসাপেক্ষে সভা করার বিষয়ে সবুজ সংকেত দিয়েছে কলকাতা হাইকোর্ট।
কালীঘাট তৃণমূল মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল করতে চাইছিল। এজন্য পুলিশের অনুমতি চাওয়া হলেও জিটি রোডের যানজট ও নিরাপত্তার কারণ দেখিয়ে সেই আবেদন খারিজ করে দেয় প্রশাসন। পুলিশের এই সিদ্ধান্তের পরেই হাইকোর্টের দ্বারস্থ হন চুঁচুড়ার প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার। উভয় পক্ষের শুনানির পর আদালত মিছিলের অনুমতি না দিলেও মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করার অনুমতি দিয়েছে।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের নির্দেশ, শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত এই কর্মসূচি করা যাবে। তবে সভায় জমায়েত কোনওভাবেই দু’হাজারের বেশি হতে পারবে না। পাশাপাশি সভা থেকে প্ররোচনামূলক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত হানতে পারে এমন কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার কড়া নির্দেশ দিয়েছে আদালত।
আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করার নির্দেশ দেওয়ার পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকদের নাম ও ফোন নম্বরের তালিকা বৃহস্পতিবার রাতের মধ্যে পুলিশের কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের পর কলকাতার বাইরে এটিই হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম রাজনৈতিক কর্মসূচি।

