বৈষ্ণবনগর: শুটআউট যেন থামছেই না মালাদায়। জেলায় ফের শুটআউট (Malda Shootout)। প্রথমে ইংরেজবাজার, তারপর কালিয়াচক আর এবার বৈষ্ণবনগর (Baishnabnagar) থানা এলাকা। বীরনগরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল একজনের। আশঙ্কাজনক আরও একজন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাধানাথ টোলার বাসিন্দা নিরঞ্জন দাসের বাড়িতে প্রতিদিন মদের আসর বসে। মঙ্গলবার সন্ধ্যায়ও মদের আসর বসেছিল। নিরঞ্জন সহ আরও বেশ কয়েকজন ওই মদের আসরে ছিলেন। মদের আসরে কোনও কারণে বচসা চলছিল। সেইসময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিরঞ্জন ও বীরনগর গ্রামেরই বাসিন্দা প্রদীপ কর্মকারকে, নিমাই ঘোষ নামে একজন গুলি করে বলে অভিযোগ। বাকিরা মদের আসর থেকে পালিয়ে যান। স্থানীয়রা গুলির আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা নিরঞ্জন ও প্রদীপকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দু’জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রদীপকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল (Malda Medical School & Hospital) নিয়ে যাওয়ার সময় নিরঞ্জন জখম অবস্থায় জানান, নিমাই মদ খেয়ে গালিগালাজ করছিল। প্রতিবাদ করতেই গুলি করে দেয়। অভিযুক্ত নিমাই ঘোষের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
গত ২ জানুয়ারি মালদায় তৃণমূল নেতা দুলাল সরকার খুন, কালিয়াচকে এক তৃণমূল কর্মী খুন, ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে প্রকাশ্যে গুলি চালানোর ঘটনার পর ফের শুটআউট। এইসব ঘটনায় কোথা থেকে এত আগ্নেয়াস্ত্র আসছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি মালদায় (Malda) নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণের মধ্যে।
