মালদা: লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহ পড়ে রয়েছে রেললাইনের ধারে (New child physique recovered)। বুধবার সকালে এই ঘটনা ঘটেছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় (Malda)। স্বাভাবিকভাবেই এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, এদিন সকালে মালদা মেডিকেল সংলগ্ন রেললাইনের ধারে লাল কাপড়ে জড়ানো সদ্যোজাতের দেহটি দেখতে পান স্থানীয়রা। পাশেই পড়েছিল একটি ব্যাগ। কেউ বা কারা দেহটি ফেলে গিয়েছে বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের দাবি, দেহটি পুত্রসন্তানের। মারা যাওয়ার পর এইভাবে ফেলে দেওয়া হয়েছে।
স্থানীয়দের অনুমান, ঘটনাস্থলের পাশেই মেডিকেল কলেজ সহ একাধিক নার্সিংহোম রয়েছে। সেখান থেকেই দেহটি ফেলা হতে পারে। এই ঘটনায় রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে। এলাকার এক বাসিন্দা দুর্গা পাল বলেন, ‘মারা যাওয়ার পর দেহটিতে মাটি দিতে পারত। এভাবে ফেলা দেওয়া উচিত হয়নি।’ এদিন খবর পেয়ে ঘটনাস্থলে রেলপুলিশ ছুটে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।
