মালদা: ফের একবার বড়সড়ো অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল মালদা জেলার কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police)। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাচারের আগেই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করা হলো দুই কুখ্যাত কারবারীকে। শুক্রবার ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা (Malda) জেলা আদালতে পেশ করা হয়েছে। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় এই অস্ত্রগুলি ঠিক কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য।
মালদা জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়াচক থানার পুলিশের কাছে খবর আসে, শাহবাজপুর এলাকা থেকে সারদার দিকে একটি মোটরবাইকে করে আগ্নেয়াস্ত্রের একটি বড় কনসাইনমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে। খবর পাওয়া মাত্রই বিন্দুমাত্র সময় নষ্ট না করে কালিয়াচক থানার একটি বিশেষ টিম সারদা এলাকায় ওত পেতে বসে থাকে।
সারদা এলাকায় সন্দেহভাজন একটি মোটরবাইক আসতেই সেটিকে আটকায় পুলিশ। এরপর মোটরবাইকের চালক ও আরোহীকে ধরে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীদের। দুই যুবকের হেপাজত থেকে উদ্ধার হয় মোট চারটি পাইপগান। তবে পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হলেও তাদের কাছ থেকে কোনও কার্তুজ বা তাজা গুলি পাওয়া যায়নি।
পুলিশের জালে ধরা পড়া দুই তরুণের নাম মঙ্গল মণ্ডল (২৭) এবং সুজন মণ্ডল (২০)। এদের মধ্যে মঙ্গলের বাড়ি ইংরেজবাজারের গৌড় এলাকায় এবং সুজন কালিয়াচকের উমাকান্তটোলার বাসিন্দা। মালদার পুলিশ সুপার অনুপম সিং এই সফল অভিযানের কথা নিশ্চিত করে জানান, “প্রাথমিক জেরায় জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই আগ্নেয়াস্ত্রগুলি বিহার থেকে এ রাজ্যে নিয়ে আসা হয়েছিল।”
অস্ত্র পাচারের এই কারবারের সঙ্গে আন্তঃরাজ্য কোনও বড় চক্রের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের নিজেদের হেপাজতে নিয়ে জেরা করে এই অস্ত্রগুলি কোথায় এবং কার কাছে ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেই মূল চাঁইদের হদিশ পেতে মরিয়া তদন্তকারীরা।
