সামসী: সংসারের হাল টানতে সুদূর মুম্বই (Mumbai) পাড়ি দিয়েছিলেন মালদার (Malda) চাঁচল (Chanchal)-২ এর চন্দ্রপাড়ার তেলাগাছি গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম(৩৫)। সেখানে একটি নির্মাণ সংস্থায় রাজমিস্ত্রির কাজ করতেন তিনি। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। সহকর্মীরা তাঁকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত্যুর খবর পৌঁছোতেই শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিউল ইসলাম বিবাহিত। বাড়িতে রয়েছে স্ত্রী ও দুই নাবালক সন্তান। পরিবারের আর্থিক অবস্থা মোটেই ভালো নয়। পরিবার পরিজনদের মুখে দুবেলা অন্ন জোগাতে কয়েকমাস আগে মুম্বই গিয়েছিলেন রবিউল। কিন্তু পরিবারে আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনা তো দূরের কথা সুদূর মুম্বই থেকে কফিনবন্দি হয়ে সড়কপথে অ্যাম্বুল্যান্সে ফিরছে তাঁর মরদেহ। স্বামীর অবর্তমানে দুই সন্তানকে নিয়ে কিভাবে সংসার চলবে, ভেবে কুল কিনারা পাচ্ছেন না তাঁর স্ত্রী।
চাঁচল-২-এর বিডিও শান্তনু চক্রবর্তী জানান, মৃত পরিযায়ী শ্রমিক রবিউল ইসলামের পরিবার যাতে পরিবার কল্যাণ সহায়তা প্রকল্পের আর্থিক অনুদান পান সেটা দেখা হবে। মৃতের পরিবারকে সবরকম সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বকশি।
