কল্লোল মজুমদার, মালদা: মালদার (Malda) দক্ষিণ বালুচরে বাড়ি অবসরপ্রাপ্ত ব্যাংককর্মী সব্যসাচী মজুমদারের। রবিবারের রাতটা তাঁর কাছে যেন অভিশপ্ত হয়ে উঠেছিল। বয়স হওয়ায় আবহাওয়া বদলের এই সময়টায় হালকা সর্দিকাশিতে ভোগেন তিনি। তার ওপর কালীপুজোর রাতে মালদায় যেভাবে বাজি ফেটেছে, তাতে খোলা বারান্দায় দাঁড়িয়েও শ্বাস নিতে রীতিমতো কষ্ট হয়েছে তাঁর। বলছিলেন সব্যসাচী। তাঁর কথায়, ‘যাঁরা শ্বাসকষ্টের রোগী, অ্যাজমায় ভুগছেন, তাঁদের কাছে কালীপুজোর রাতটা ছিল আতঙ্কের রাত। আমার একটাই প্রশ্ন, মানুষ আর কবে মানুষ হবে?’
কালীপুজোয় (Kali Puja 2026) বাজি ফাটানো নিয়ে সবসময়ই দুটো পক্ষ রয়েছে। একপক্ষ নির্বিচারে বাজি ফাটানোর সমর্থক। আরেকপক্ষ তার ভুক্তভোগী। তবে রবিবার রাতে ব্যাপক বাজি ফাটানোর ফলে মালদায় বায়ু দূষণ যে জায়গায় পৌঁছে গিয়েছিল, বিশেষজ্ঞদের মতে তা ভয়ংকর। রাত ৯টা নাগাদ এই শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স ছিল ৪৯০। গৌড়বঙ্গের বাকি দুই জেলাসদরও পিছিয়ে ছিল না। বরং রায়গঞ্জ (Raiganj) তো মালদা থেকে কয়েক কদম এগিয়েই ছিল। পরিসংখ্যান অনুযায়ী, রবিবার রাত ৯টা নাগাদ গৌড়বঙ্গের তিন জেলার মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি ছিল রায়গঞ্জে। সেখানে বায়ুর গুণমান সূচক বা একিউআই পৌঁছে যায় ৫০৬-এ। দ্বিতীয় স্থানে ছিল মালদা। ইংরেজবাজার শহরের একিউআই পৌঁছায় ৪৯০-এ। অন্যদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সেই সূচক ছিল ৪৮৫। পরিবেশের নিরিখে এই পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করছেন পরিবেশপ্রেমীরা। তাঁদের আশঙ্কা, এই ধরনের দূষণের সরাসরি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর। বিশেষ করে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা মানুষদের জন্য পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
মালদার চিকিৎসক অসীম শর্মার মতে, বাজি থেকে বাতাসে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন, কার্বন মনোক্সাইডের মাত্রা বৃদ্ধি পায়। ফলে শ্বাসকষ্ট বাড়তে পারে, বুকে টান ধরতে পারে, অ্যাজমার প্রকোপ বাড়তে পারে। বাতাসে কার্বন মনোঅক্সাইড বৃদ্ধিতে মাথাব্যথা, শ্বাসকষ্ট হতে পারে। এছাড়াও ধোঁয়া ফুসফুসে প্রবেশের কারণে শ্বাসযন্ত্রের ক্ষতি ও হৃদরোগের কারণ হতে পারে।
বিষয়টি নিয়ে সরব হয়েছেন পরিবেশপ্রেমীরাও। মালদার একটি পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক রূপক দেবশর্মার দাবি, এবারের কালীপুজোর রাতের বায়ু দূষণ মালদায় গত ২০ বছরের রেকর্ড ভেঙে গিয়েছে। অতীতের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘২০২২ সালে কালীপুজোর দিন মালদার একিউআই ছিল ১৯৯। ২০২৫ সালে গড় একিউআই ছিল ১৯০। সেখানে রবিবার রাত ৯টায় সেই সূচক পৌঁছে যায় ৪৯০-এ।’ রূপকের কথায়, ‘এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।’ নর্থবেঙ্গল ফোটোগ্রাফি ক্লাবের সম্পাদক তথা পরিবেশপ্রেমী বাসুদেব চক্রবর্তী নিজে রায়গঞ্জের পরিস্থিতি নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। তাঁর প্রশ্ন, ‘উৎসবের আনন্দ কি অন্যের শান্তি ও স্বাস্থ্যের বিনিময়ে হওয়া উচিত?’ বালুরঘাটের পরিবেশপ্রেমী তুহিনশুভ্র মণ্ডলও রাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর ব্যাখ্যা, ‘কালীপুজোর রাতে শব্দবাজি, চরকি, তুবড়ি ও আতশবাজি পোড়ানোর ফলে বাতাসে দূষণের মাত্রা বেড়েছে।’ বিশেষ করে পিএম ২.৫ দূষকের পরিমাণ বেশি ছিল বলে তাঁর দাবি।
অাবার সেই রাতে আবহাওয়াও ছিল বায়ু দূষণের ‘অনুকূল’। রাতে বাতাসের গতি ও তাপমাত্রা দুটোই ছিল কম। আর বাতাসের আর্দ্রতা বেড়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের ব্যাখ্যা, এই ধরনের পরিস্থিতিতে ঠান্ডা বাতাস ভারী হয়ে নীচের দিকে নেমে আসে। বায়ুমণ্ডলের এই অবস্থাকে বলা হয় ইনভারসন। ফলে বাজির ধোঁয়া সহজে উপরের দিকে ছড়িয়ে পড়তে পারে না। মাটির কাছাকাছি জমে থাকে। কুয়াশার সঙ্গে মিশে সেই দূষণ আরও ঘন হয়ে ওঠে। যার প্রভাব পড়ে সাধারণ মানুষের স্বাস্থ্যের উপর।
এবার প্রশ্ন হল, পুলিশ কী করেছে? মালদা থেকে শুরু করে রায়গঞ্জ, কোথাও পুলিশকে সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। মালদা শহরের বাসিন্দাদের অভিযোগ, দূষণ সংক্রান্ত অভিযোগ জানাতে গিয়ে অনেকেই নাকি সমস্যার মুখে পড়েছেন। মালদার বহু পরিবেশপ্রেমী ১১২ টোল ফ্রি নম্বরে ফোন করেও কোনও উত্তর পাননি। মালদা কলেজের অধ্যাপিকা অনুরাধা কুন্ডা নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে রবিবার রাতের অভিজ্ঞতার কথা তুলে ধরে লিখেছেন, ‘আজ সত্যি বড় দুর্বিষহ লাগছে। আমার বাড়িতে আমি একা। এখন বারোটা পনেরো। সমান হিংস্রতায় বাজি পুড়ছে। এ কোন উৎসবের সংজ্ঞা?’ তাঁর দাবি, যে সমস্ত এলাকায় শব্দবাজি ফাটানোর প্রবণতা বেশি, সেখানে কয়েকদিন ধরে পুলিশের টহলদারি এবং নজরদারি থাকা প্রয়োজন। তিনি লিখেছেন, ‘আমরা চাই পেট্রলিং ও স্পটে পুলিশি নিয়ন্ত্রণ।’
আবার পরিবেশপ্রেমী বা সাধারণ নাগরিকদের এই উদ্বেগকে বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় রীতিমতো কটাক্ষ করেছেন। সোশ্যাল মিডিয়ায় অজয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-হামাস সংঘাত এবং আমেরিকা-ইরান পরিস্থিতির উল্লেখ করে প্রশ্ন তুলেছেন, যুদ্ধের সময় পরিবেশ নিয়ে একই ধরনের উদ্বেগ দেখা যায় না কেন?
আর মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের জেলা সভাপতি জয়ন্ত কুণ্ডু জানিয়েছেন, কালীপুজোর দিন সবুজ বাজির বাজার থেকে ছয় কোটি টাকার বিক্রি হয়েছে। সব মিলিয়ে বাজি বিক্রি হয়েছে ১০ কোটি টাকার। অর্থাৎ, বাজি ব্যবসায়ীদের পৌষমাস আর আমআদমির…

