Noise air pollution | উৎসবের আনন্দ নাকি অসহ্য যন্ত্রণা? শব্দবাজির তাণ্ডবে বিনিদ্র কাটল মালদা ও বালুরঘাটের!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


হরষিত সিংহ ও পঙ্কজ মহন্ত, মালদা ও বালুরঘাট: চোখে রাত জাগার ক্লান্তি। এক সদ্যোজাতকে সবে বিছানায় শুইয়ে বাইরে এসেছেন। নার্সিংহোমের দরজায় এসে দাঁড়াতেই কানফাটা বিকট শব্দ (Noise air pollution)। বারুদের ধোঁয়ায় ঢেকে গেল চত্বর। মালদা (Malda) শহরের এক নার্সিংহোমের নার্স বললেন, কালীপুজোর রাতে ডিউটিতে আছি প্রসূতি বিভাগে। কোনও শিশুর জন্ম হয়েছে কয়েক ঘণ্টা আগে, কারও দু-একদিন আগে। এমনিতে নার্সিংহোমের ভেতরে তেমন শব্দ আসে না। তবে এদিন রাতে বিকট শব্দ পৌঁছে যাচ্ছিল। ঘুমের মধ্যে কেঁপে উঠছিল সবে জন্মানো বাচ্চাগুলো। অস্ত্রোপচারের পর মায়েদেরও তো বিশ্রাম দরকার। কিন্তু পরপর বিকট শব্দে তাঁদেরও তো ঘুমের ব্যাঘাত হচ্ছিল। ওই নার্সের কথায়, দীপাবলি সকলেই পালন করুন, কিন্তু উৎসব যেন কারও সমস্যা না হয়ে দাঁড়ায়, সেই বিষয়টা সকলের একটু ভাবা উচিত।

মালদা থেকে শ-খানেক কিলোমিটার দূরে বালুরঘাট (Balurghat) শহরের মিলনতীর্থ এলাকার বাসিন্দা প্রদীপ্ত মৈত্র বলছিলেন, ‘বাড়িতে আমার ছোট মেয়ে রয়েছে। শব্দবাজির আওয়াজে বারবার চমকে উঠছিল সে। ভয়ে কান্নাকাটিও করেছে। সবুজ বাজির বাজারে তো এই ধরনের বাজি পাওয়া যাচ্ছিল না। তাহলে কোথা থেকে এই শব্দবাজি এল, তা খতিয়ে দেখা দরকার।’

অমাবস্যার রাতে শব্দদানবের তাণ্ডবে মালদা থেকে বালুরঘাট- সকলকেই অতিষ্ঠ হতে হল। রাত যত বেড়েছে শব্দদানবের দাপট ততই বেড়েছে। মালদা শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক বেসরকারি নার্সিংহোম এবং মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল রয়েছে। মুমূর্ষু রোগীরা ভর্তি রয়েছেন সেখানে। শহরের অনেকেরই বাড়িতেও অসুস্থ বৃদ্ধ বা বৃদ্ধারা রয়েছেন, রয়েছেন হৃদরোগীরা। সন্ধ্যা থেকে বিকট শব্দে তাঁদের যেন প্রাণ ওষ্ঠাগত অবস্থা।

অতিরিক্ত শব্দবাজি ও পটকার আওয়াজ শুধু পরিবেশের ক্ষতি করে না, মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপরও বিরূপ প্রভাব ফেলে, এমনটাই বলছিলেন মালদা শহরের এক বেসরকারি নার্সিংহোমের নার্সিং সুপারিন্টেন্ডেন্ট কোয়েল রায়। তিনি বলেন, ‘হার্টের রোগীদের অতিরিক্ত শব্দে আতঙ্ক, মানসিক চাপ, হৃৎস্পন্দন ও রক্তচাপ বেড়ে যেতে পারে। হৃদরোগীদের ক্ষেত্রে এটি ঝুঁকি বাড়াতে পারে। আইসিইউ ও ক্রিটিক্যাল কেয়ারে থাকা রোগীদের বিশ্রাম ও শান্ত পরিবেশ অত্যন্ত জরুরি। অতিরিক্ত শব্দ তাঁদের ঘুম ও সুস্থ হওয়ার প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে।’

তিনি বলে চলেন, ‘সদ্য অপারেশন হওয়া রোগীদের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। পটকার বিকট আওয়াজে তাঁদের ঘুমের ব্যাঘাত, উদ্বেগ ও অস্বস্তি হতে পারে। নবজাতকরা শব্দের প্রতি সংবেদনশীল। অতিরিক্ত শব্দে তাদের ঘুম ও স্বাভাবিক বিশ্রাম ব্যাহত হতে পারে। অতিরিক্ত শব্দে গর্ভবতী মহিলাদের মানসিক চাপ বৃদ্ধির সম্ভাবনা থাকে। এছাড়াও হাঁপানি ও শ্বাসকষ্টের রোগীদের ক্ষেত্রে বাজি ও পটকার ধোঁয়া, সূক্ষ্ম কণা এবং রাসায়নিক পদার্থ বাতাসের গুণমান (একিউআই) খারাপ করতে পারে। এর ফলে হাঁপানি, সিওপিডি ও অন্যান্য শ্বাসকষ্টের রোগীদের সমস্যা বেড়ে যেতে পারে। এ বিষয়গুলো নিয়ে তাই সচেতন থাকা উচিত।’ কোয়েলের কথায়, ‘এমন দানব শব্দবাজি ক্ষতি করতে পারে রোগীদের। সকলের কাছে একটাই আবেদন, উৎসব পালন করুন, আনন্দ করুন। কিন্তু অন্যের স্বাস্থ্য ও জীবনের কথা মাথায় রেখে।’

মালদা শহরের বহু বাড়িতেই রবিবার রাতে শব্দবাজির আওয়াজে বয়স্কদের নিয়ে সমস্যা হয়েছে। মালদার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য রূপক দেবশর্মা বলেন, ‘বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। পুলিশের ১১২ নম্বরে ফোন করে সাহায্য মেলেনি। সমস্ত রাজনৈতিক দলের নেতাদের এই বিষয়গুলি নিয়ে এগিয়ে আসতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। সাধারণ মানুষ সচেতন হলেই পরিবেশ সুস্থ থাকবে।’

কিন্তু প্রচারে কি আদৌ সচেতনতা ফিরেছে? শব্দবাজি নিষিদ্ধ ঘোষণা করে বালুরঘাট শহরের হাইস্কুল মাঠে সবুজ বাজির বাজার বসে। পরিবেশবান্ধব বাজি ব্যবহারের প্রচার চালানো হয়েছিল। মাইকে বারবার অন্য কোথাও থেকে বাজি না কেনার আবেদনও জানানো হয়েছিল। কিন্তু সেই প্রচার যে বিশেষ কাজে আসেনি, কালীপুজোর রাতের শব্দবাজির দাপটেই তা স্পষ্ট।

রবিবার সন্ধ্যা থেকেই শহরের বিভিন্ন পাড়ায় একের পর এক শব্দবাজি ফাটতে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেই দাপট আরও বাড়ে। রোগী ও প্রবীণদের পাশাপাশি সমস্যায় পড়ে সদ্যোজাত ও ছোট শিশুরাও। রবিবার রাতে অনেকেই ক্ষোভের সঙ্গে জানিয়েছেন, বাড়ির শিশুসন্তান ভয়ে কান্নাকাটি করছে। মাত্রাতিরিক্ত শব্দের দাপটে শিশুদের শ্রবণশক্তি ও শারীরিক সমস্যার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা।

বিশ্বাসপাড়ার ৮০ বছর বয়সি নিতাই পালের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। বুকে বসানো রয়েছে পেসমেকার। তাঁর কথায়, ‘প্রচণ্ড আওয়াজে আমার সমস্যা হয়। কিন্তু কালীপুজোর রাতে সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত এলাকায় শব্দবাজি ফেটেছে। যদি এই বাজি নিষিদ্ধ হয়, তাহলে সেগুলি কোথা থেকে কেনা হল, তা প্রশাসনের দেখা উচিত।’

কালীপুজো উপলক্ষ্যে শব্দবাজি বা অন্যান্য বাজি পোড়ানোর উৎকট উল্লাস কারও কারও ঘরে যন্ত্রণার কারণ হয়ে উঠল এবারও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *