সামসী: পশ্চিমবঙ্গকে গুজরাট ও উত্তরপ্রদেশ তৈরির পরিকল্পনা রয়েছে বিজেপির। এসআইআরের খসড়া তালিকা থেকে নাম বাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। বৃহস্পতিবার মালদার (Malda) মালতীপুর বিধানসভার পরানীনগরে মুসলিম অধ্যুষিত এলাকায় রাস্তার শিলান্যাস অনুষ্ঠানে বিডিও’র সামনে এমন বক্তব্য রাখলেন তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি (Abdur Rahim Boxi)।
তিনি বলেন, ‘মুসলিমদের মধ্যে বাবা ও ছেলের পদবী সিংহভাগ ক্ষেত্রে এক থাকে না। এই সুযোগ নিয়ে বিজেপি হয়রানি করবে। আমরা রুখে দাঁড়াব।’ নথি যাতে সবাই ঠিক রাখে সেই কথাও তিনি বলেন এলাকার মানুষকে।বিধায়ক বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, ‘এসআইআরের খসড়া তালিকা বের হতেই অনেকেই হয়রানির শিকার হবেন। বিজেপি (BJP) চক্রান্ত করে নাম বাদ দেবে।’
যদিও এনিয়ে বিজেপির উত্তর মালদা জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়ার পালটা বক্তব্য, ‘প্রকৃত ভারতীয় কারও নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে না। আর ডিটেনশন ক্যাম্পেও কাউকে যেতে হবে না। এসব মনগড়া মন্তব্য রহিম বক্সির। সামনে বিধানসভা ভোটের আগে বাজার গরম করতে চাইছেন মালতীপুরের বিধায়ক।’
