Malda | পরকীয়া সন্দেহে যুবকের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা! নারকীয় ঘটনার সাক্ষী থাকল চাঁচল

Malda | পরকীয়া সন্দেহে যুবকের চোখ উপড়ে নেওয়ার চেষ্টা! নারকীয় ঘটনার সাক্ষী থাকল চাঁচল

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


চাঁচল: খেলা দেখে ফেরার পথে রাতের অন্ধকারে এক যুবককে গণপিটুনি! প্রথমে লোহার রড দিয়ে মারধর, তারপর চোখ উপরে নেওয়ার চেষ্টা। গাছে বাঁধা অবস্থায় যুবকের রক্তাক্ত ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। (ভিডিওর সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ অনলাইন)। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়াল চাঁচল (Chanchal) থানার ভান্ডারিয়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যে নাগাদ বাটুল শেখ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন। ফেরার সময় রফিকুল নামে স্থানীয় এক যুবক দলবল নিয়ে বাটুলকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এরপর তাকে গাছে বেঁধে চলে নৃশংস অত্যাচার। চোখ উপড়ে নেওয়ার চেষ্টার পাশাপাশি যৌনাঙ্গেও আঘাত করা হয়। এদিকে, বাটুলের আর্তনাদে কিছু মানুষ ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। স্থানীয়রা খবর দেন পুলিশকে (Police)। পুলিশ এসে আক্রান্তকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সমগ্র ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের স্ত্রী। বর্তমানে বাটুল শেখ আশঙ্কাজনক অবস্থায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে (Hospital) চিকিৎসাধীন। অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে চাঁচল থানার পুলিশ। বাকিদের খোঁজে চলছে তল্লাশি।

ঘটনা প্রসঙ্গে আক্রান্তের স্ত্রী পিংকি খাতুন জানান, ‘আমার স্বামীর সঙ্গে অভিযুক্তদের বিবাদ ছিল। কিন্তু সেই সমস্যা মিটে গিয়েছিল। তারপরেও নৃশংসভাবে তাকে মারল। আমি চাই দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক।’

অন্যদিকে, চাঁচল থানার এক পুলিশ আধিকারিক বলেন, ‘পরকীয়া নিয়ে সন্দেহের জেরে আক্রোশ বলে জানা গেছে। মূল অভিযুক্ত গ্রেপ্তার। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *