অসীম বর্মন, বালুরঘাট: কয়েকদিন আগে এসএসসি-র একাদশ-দ্বাদশ শ্রেণির রেজাল্ট প্রকাশিত হয়েছে। এরপরেই প্রভিশনাল সার্টিফিকেট তোলার হিড়িক পড়েছে বিভিন্ন ইউনিভার্সিটি ও স্বশাসিত কলেজগুলিতে। সাধারণত এই সার্টিফিকেট তুলতে কিছু পরিমাণ টাকা লাগে। কিন্তু এবার সেখানে ব্যতিক্রমী পথে হাঁটল বালুরঘাট কলেজ। এই সার্টিফিকেট নিতে কোনও ফি লাগবে না বলে জানানো হয়েছে কলেজ থেকে। সোমবার থেকে ওই প্রক্রিয়া শুরু হয়েছে।
বৃহস্পতিবার কলেজ সূত্রে জানা গিয়েছে, বালুরঘাট কলেজ থেকে যাঁরা এমএ পাসের সার্টিফিকেট নিয়েছেন তাঁদের ওই সার্টিফিকেটে কিছু ত্রুটি রয়েছে। তাই ওই পড়ুয়াদের কলেজ থেকে সংশোধিত সার্টিফিকেট নিয়ে যেতে বলা হয়েছে।
কলেজের অধ্যক্ষ পঙ্কজ কুণ্ডু বলেন, ‘২০১৮ সালে বালুরঘাট কলেজের স্নাতকোত্তর বিভাগ স্বশাসিত হয়েছে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজোলিউশন অনুযায়ী আমরা কলেজ থেকেই পড়ুয়াদের প্রভিশনাল সার্টিফিকেট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রত্যন্ত অঞ্চল থেকে মালদায় বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা অনেক ছাত্রছাত্রীর অসুবিধা হয়। এছাড়াও এই কাজ সময়সাপেক্ষ ব্যাপার। তাই আমাদের এমন ব্যবস্থার ফলে ছাত্রছাত্রীদের খুব সুবিধা হবে।’
অধ্যাপক রিপন সরকার জানিয়েছেন, যে সমস্ত শিক্ষার্থী ২০১৭ সাল বা তার পর এমএ-তে ভর্তি হয়েছেন এবং ২০১৯ সাল বা তারপরে বর্তমান সময় পর্যন্ত এমএ পাস করেছেন সেই সমস্ত ছাত্রছাত্রীকে এমএ পাশের প্রভিশনাল সার্টিফিকেট বালুরঘাট কলেজ থেকে দেওয়া হবে। আর যে সমস্ত শিক্ষার্থী ২০১৭ সালের আগে অর্থাৎ ২০১৬ পর্যন্ত ভর্তি হয়েছেন তাঁদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেট তুলতে হবে।
সার্টিফিকেট নেওয়ার জন্য একটি ফর্ম পূরণ করতে হবে। ফর্মটি কলেজের ওয়েবসাইট থেকে মিলবে। ফর্মটি পূরণ করে তার সঙ্গে চতুর্থ সিমেস্টারের মার্কশিট এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেটের অনুলিপি অফিসে জমা দিতে হবে। তারপর সার্টিফিকেট পাওয়া যাবে। বাংলা, ইতিহাস, সংস্কৃত এই তিনটি বিষয়ের প্রভিশনাল সার্টিফিকেট দেওয়া হবে। সোমবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। বালুরঘাট কলেজ থেকে এমএ পাশ করা ছাত্রছাত্রীদের যাতে এসএসসি ডকুমেন্টস ভেরিফিকেশনে অসুবিধা না হয় সেজন্য এমন উদ্যোগ কলেজের।
কলেজের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। বালুরঘাট কলেজের এক শিক্ষার্থী জয়িতা দেবনাথ বললেন, ‘আমার বাড়ি মালঞ্চা এলাকা থেকে ভেতরের একটি গ্রামে। এত দূর থেকে মালদা যাওয়া খুব কষ্টকর। যদি আমরা সেই সার্টিফিকেট বালুরঘাট কলেজ থেকেই পাই তাহলে আমাদের খুব ভালো হবে।’
