Malda | ক্রিসমাস কার্নিভালে এক ঝাঁক তারকা, পার্ক স্ট্রিটের আদলে সাজবে মালদা 

Malda | ক্রিসমাস কার্নিভালে এক ঝাঁক তারকা, পার্ক স্ট্রিটের আদলে সাজবে মালদা 

ভিডিও/VIDEO
Spread the love


জসিমুদ্দিন আহম্মদ, মালদা: ডিসেম্বর এখনও পড়েনি। সবে মালদা (Malda) উৎসব শেষ হয়েছে। এখন থেকেই মালদায় ক্রিসমাস কার্নিভাল ও বর্ষবরণ উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইংরেজবাজার পুরসভার পরিচালনায় এবারেও যুব আবাসের মাঠে বর্ষবরণ উৎসবের আয়োজন করা হচ্ছে। ডিসেম্বরের শেষ সপ্তাহজুড়ে আনন্দ ও বিনোদনের নানা আয়োজন থাকছে ক্রিসমাস কার্নিভালে (Christmas Carnival)। পার্ক স্ট্রিটের আদলে মালদা শহরকে সাজিয়ে তোলা হবে বলে দাবি পুর চেয়ারম্যানের।

ক্রিসমাস কানির্ভালে বড়দিনের কেক কেটে উৎসবের সূচনা করবেন মালদা শহরের দুই চার্চের ফাদার। সপ্তাহব্যাপী প্রতিদিন কার্নিভালের মঞ্চে উপস্থিত থাকবেন বলিউডের তারকা সংগীতশিল্পীরা। এবারের কার্নিভাল মাতাতে আসছেন জাবেদ আলি, অ্যালবার্ট কাবো, অরুণিতা কাঞ্জিলাল, মানসী ঘোষ এবং সালমান আলি। পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘অন্যবারের মতো এবছরও আমরা পুরসভার তরফে মালদা শহরবাসীকে আনন্দ দিতে বর্ষবরণ উৎসবের আয়োজন করতে চলেছি। এবারের আয়োজন বিগত বছরগুলিকে ছাপিয়ে যাবে বলে আশা করছি।’

বিগত বেশ কয়েক বছর ধরেই মালদা শহরে সমানে জনপ্রিয় হয়ে উঠেছে শীতকালীন উৎসব ক্রিসমাস কার্নিভাল। বড়দিন থেকে শুরু হওয়া আনন্দ বিনোদনের এই উৎসব চলে বর্ষবরণ পর্যন্ত। শীতের আমেজে আলোকোজ্জ্বল শহর হাতছানি দেয় ৮ থেকে ৮০ বিভিন্ন বয়সি মানুষকে। মালদা শহরের রবীন্দ্র অ্যাভিনিউ থেকে শুরু করে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, শুভঙ্কর বাঁধ এবং উৎসবের কেন্দ্রস্থল যুব আবাস ময়দানজুড়ে অত্যাধুনিক আলোকসজ্জা আর জিংগল বেলের সুর অনেককেই মুগ্ধ করে। ইংরেজবাজার পুরসভার বোর্ড অফ কাউন্সিলের সভায় ইতিমধ্যেই কার্নিভালের আয়োজনের অনুমোদন মিলেছে।

চেয়ারম্যান জানিয়েছেন, এই উৎসব আয়োজনে পুরসভার তরফে ১৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বাকি খরচ আসবে স্পনসরদের থেকে। সূত্রের খবর, গত বছর ক্রিসমাস কার্নিভালের খরচ ২ কোটি টাকা ছাড়িয়েছিল। এবছর খরচের পরিমাণ যে আরও বাড়তে চলেছে, তা বলার অপেক্ষা রাখে না। কারণ বলিউডের যে শিল্পীদের আনা হচ্ছে, তাতে খরচের অঙ্কটা বড়ই হবে। কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ‘শীতের আমেজে শহরবাসীর মুখে হাসি ফোটাতে ক্রিসমাস কার্নিভাল ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করছে ইংরেজবাজার পুরসভা। কলকাতার পার্ক স্ট্রিটের আদলে মালদা শহরের এই অনুষ্ঠান রাজ্যে অনন্যা হয়ে উঠবে।’

ইংরেজবাজার পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুড়ি অবশ্য বলেন, ‘মানুষকে আনন্দ দিতে পুরসভার কার্নিভাল অনুষ্ঠানে আমাদের কোনও আপত্তি নেই। তবে কার্নিভালের খরচ জোগাতে ব্যবসায়ী বা দোকানদারদের উপর টাকার জন্য যাতে চাপ না দেওয়া হয়। এমনটা ঘটলে আমরা বিরোধ প্রদর্শন করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *