Malda | কাঁসর-ঘণ্টা বাজিয়ে পুজো কাটে দেব, পরিমলদের

Malda | কাঁসর-ঘণ্টা বাজিয়ে পুজো কাটে দেব, পরিমলদের

শিক্ষা
Spread the love


কল্লোল মজুমদার, মালদা: দশভুজার সামনে দাঁড়িয়ে কাঁসর-ঘণ্টা বাজাচ্ছিল ছোট্ট দেব। পাশেই ওর বাবা ঢাক বাজাচ্ছিলেন। নবমীতেও দেবের মন ভারাক্রান্ত। কাঁসর-ঘণ্টা বাজানোর ফাঁকে মাঝে মাঝে জামা দিয়ে দু’চোখ মুছে নিচ্ছিল দেব। পুজোর দিনে মন খারাপ কেন প্রশ্ন করতে দেব জানায়, ‘আজকে আমার বন্ধুরা সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে বের হবে। গত বছর আমিও নবমীর রাতে বন্ধুদের সঙ্গে মালদা শহরের (Malda) ঠাকুর দেখতে গিয়েছিলাম। কিন্তু এবার আর হবে না।’ তবে শুধু দেব নয়, মন খারাপ পলাশ, পরিমলদের মতো অনেক বাচ্চাদের। ওদের মধ্যে কেউ ষষ্ঠ শ্রেণির আবার কেউ সপ্তম শ্রেণির পড়ুয়া। ওদের বন্ধুরা যখন দলবেঁধে পুজোর কয়েকটা দিন মজা করে, তখন ওদের শৈশব কেটে যায় মণ্ডপে মণ্ডপে কাঁসর-ঘণ্টা বাজিয়ে। ওরা পুজোর সময় বাবার সঙ্গে কেউবা কাকা বা দাদার সঙ্গে শহরে চলে আসে। পুজো শেষ হলে আবার ওদের ফিরে যেতে হয় বাড়িতে।

এমনই এক কিশোর দেব দাস। বাড়ি রতুয়ার নুরপুরে। সেখানে মহানন্দা হাইস্কুলের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে সে। বাবা তপন দাসের সঙ্গে বালুচর এলাকার একটি পুজোমণ্ডপে কাঁসর-ঘণ্টা বাজাচ্ছিল সে। তার বাবা পেশায় ঢাকি। বাবা যখন ঢাক বাজায় তখন দেব তাঁর পাশে দাঁড়িয়ে কাঁসর-ঘণ্টা বাজায়। দেব বলে, ‘পুজোর সময় বাবা-কাকাদের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হয়। ‌এটাই আমাদের পেশা। তাই এবছর পুজোয় আর বন্ধুদের সঙ্গে আনন্দ করা হল না।’

মালদা শহরের আরেকটি পুজোমণ্ডপে ছিল আরেক কিশোর পরিমল দাস। সে তার দাদা প্রশান্ত দাসের সঙ্গে কাঁসর বাজাতে এসেছিল। তবে পুজোয় আসার আগে দাদা তাকে একটি নতুন জামা কিনে দিয়েছিল। সেই জামা পরে পুজোর চারটে দিন মণ্ডপে কাঁসর বাজিয়েছে পরিমল। দেবের মতো ওর মনও একটু খারাপ ছিল। ষষ্ঠ শ্রেণির ছাত্র পরিমল ভারাক্রান্ত গলায় বলে, ‘আমাদের গ্রামেও পুজো হয়। গত বছর বন্ধুরা মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। কত আনন্দ হয়েছিল। একদিন চপ-ঘুগনি খেয়েছিলাম। একদিন এগরোলও খেয়েছিলাম। এবার আর আনন্দ করা হল না। শুধু দুর্গাপুজো নয়, কালীপুজোতেও দাদার সঙ্গে মণ্ডপে কাঁসর বাজাতে যাব। আগে আমাদের বাবা পুজোর সময় মণ্ডপে মণ্ডপে ঢাক বাজাতেন। কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় এবছর থেকে আমরা দুই ভাই মিলে এই কাজ করছি।’

আদিবাসী ও লোকসংস্কৃতি শিল্পীদের সংগঠনের সদস্য অদ্বৈত বিশ্বাসের মতে, ‘এই ছোট ছোট কিশোরদের মনে উৎসবের আগে পেটের চিন্তা। একটা সময় সরকার এইসব কাঁসরশিল্পীদের বয়স বেঁধে দিয়েছিল। বলা হয়েছিল ১৮ বছর না হলে কাঁসর-ঘণ্টা বাজাতে পারবে না। তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। শিল্পীর বয়স কখনও বেঁধে যাওয়া যায় না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *