উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্য রাজনীতির অস্থির পরিস্থিতির মাঝে কামারহাটির তৃণমূল বিধায়ক (Kamarhati TMC MLA) মদন মিত্রের (Madan Mitra) একটি সোশাল মিডিয়া পোস্ট ঘিরে তীব্র জল্পনা শুরু হয়েছে (Cryptic Social Media Submit)। নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে তিনি ইংরেজিতে একটি পোস্ট করেছেন, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘নিজের অতীতকে আনইনস্টল করুন এবং ভবিষ্যৎকে আপডেট করুন।’ পুরোনোকে মুছে নতুনকে স্বাগত জানানোর এই বার্তা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।
তৃণমূলে ভাঙনের গুঞ্জন এবং বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি অনুযায়ী, বিরোধী শিবিরের সদস্য সংখ্যা ৫৮ থেকে বেড়ে ৬৪ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই এই পোস্ট রাজনৈতিক মহলে বাড়তি উত্তাপ ছড়িয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, তবে কি এবার মদন মিত্রও তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখাতে চলেছেন? যদিও কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো মদন মিত্রকেও সাম্প্রতিককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে দেখা গিয়েছে। এমনকি, মমতার কালীঘাটের বাড়ির সংলগ্ন দলীয় অফিসে সিআইডির তল্লাশি অভিযানের প্রতিবাদেও তিনি সরব হয়েছিলেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, তৃণমূলের অন্দরের এই ডামাডোলের মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো জাতীয় রাজনীতির সমীকরণে কংগ্রেসের হাত ধরতে পারেন। মদনের এই পোস্ট সেই সম্ভাব্য রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিতও হতে পারে। তবে এই পোস্টের অন্তর্নিহিত অর্থ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি কামারহাটির বিধায়ক।
উল্লেখ্য, দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতায় ফেরার পরে মদনকে কালীঘাটের পার্টি অফিসেও দেখা গিয়েছে। এই পরিস্থিতিতে মদনের এই রহস্যময় পোস্ট কি কেবলই কোনও দার্শনিক চিন্তা, নাকি তৃণমূলের অন্দরে আসন্ন বড় কোনও পরিবর্তনের ইঙ্গিত? সেই উত্তর খুঁজছে রাজ্য রাজনীতি। সব মিলিয়ে, এই কঠিন সময়ে মমতার পাশে থাকা হেভিওয়েট নেতাদের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
