উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্যারিসের ল্যুভর জাদুঘর (Louvre Museum) থেকে বহুমূল্য গহনা চুরির ঘটনায় দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। এক জনৈক সংবাদ সংস্থার তরফে এই খবরটি প্রকাশ্যে আনা হয়েছে। উল্লেখ্য, গত রবিবার প্যারিসের এই বিশ্ব-বিখ্যাত জাদুঘরে দিনের আলোয় এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছিল। ঘটনার দরুন আনুমানিক ১০২ মিলিয়ন ডলার মূল্যের আটটি মূল্যবান গহনা চুরি যায়।
গ্রেপ্তার হওয়া দুই সন্দেহভাজনের মধ্যে একজনকে শনিবার রাতে প্যারিস-চার্লস দে গল বিমানবন্দর থেকে আটক করা হয়, যখন সে বিদেশে যাওয়ার জন্য একটি বিমানে উঠতে যাচ্ছিল। দ্বিতীয় সন্দেহভাজনকে এর কিছুক্ষণ পরে প্যারিস থেকেই গ্রেপ্তার করা হয়।
সূত্রের খবর, চোরেরা একটি ক্রেন বা হাইড্রোলিক লিফট ব্যবহার করে জাদুঘরের দোতলার একটি জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, নির্মাণকর্মীর পোশাকে থাকা দুই দুষ্কৃতি জানালা দিয়ে পালিয়ে যাচ্ছে। এর আগে অন্য এক ভিডিওতে দেখা যায়, একজন চোর দর্শকদের পাশ দিয়ে হাঁটার সময় কাঁচের ডিসপ্লে কেস কাটছে।
চুরি যাওয়া আটটি গহনার মধ্যে ফ্রান্সের সম্রাজ্ঞী ও রানিদের ব্যবহৃত দুই শতাব্দীর ইতিহাস বহনকারী অলঙ্কার ছিল। এর মধ্যে রয়েছে ১৮৫৩ সালে নেপোলিয়ন তৃতীয়-র স্ত্রী সম্রাজ্ঞী ইউজেনি’র জন্য তৈরি করা একটি মুকুট। মুকুটটি অবশ্য পালানোর সময় চোরেরা ফেলে যায়। এছাড়াও সেদিন রানি মারি অ্যামেলি এবং রানি হোরটেনসের স্যাফায়ার সেট (নেকলেস ও কানের দুল) এবং নেপোলিয়ন প্রথমের তাঁর দ্বিতীয় স্ত্রী সম্রাজ্ঞী মারি লুইসকে উপহার দেওয়া পান্না ও কানের দুলের একটি সেটও চুরি যায়।
ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রক এই গহনাগুলিকে “অমূল্য ঐতিহ্যগত সম্পদ” হিসেবে বর্ণনা করেছে। হাই-প্রোফাইল অপরাধের এই মামলা পরিচালনার জন্য প্যারিস পুলিশের বিশেষ ইউনিট ‘বিআরবি’ (BRB)-কে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, প্রতিদিন প্রায় ৩০,০০০ দর্শনার্থীর সমাগম হওয়া ল্যুভর জাদুঘরটি বিশ্বের সর্বাধিক দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি এবং এখানে মোনালিসা, ভেনাস ডি মিলো এবং উইংড ভিক্টরি অফ সামোথ্রেসের মতো ৩৩,০০০-এরও বেশি শিল্পকর্ম ও ঐতিহাসিক নিদর্শন রয়েছে।
