উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামীকালই কি বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা করে দেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সোমবার বিকেল ৪ টে বেজে ১৫ মিনিটে কমিশনের তরফে সাংবাদিক সম্মলেন ডাকা হতেই এই জল্পনা জোরদার হয়েছে। তবে সূত্রের খবর, শুধু বাংলা নয়, ভোটমুখী আরও কয়েকটি রাজ্যে এসআইআরের (SIR) কথা ঘোষণা করা হতে পারে।
যেটুকু আগেই জানা গেছে ১ নভেম্বর থেকে বাংলায় এসআইআর শুরু হতে চলেছে। ৩ মাসের মধ্যে অর্থাৎ জানুয়ারির মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে। কারণ বাংলাতে এপ্রিল মে মাসেই বিধানসভা নির্বাচন রয়েছে। একই সঙ্গে অসম, কেরল, তামিলনাড়ু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা ভোট হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, প্রথম দফায় ওই পাঁচটির পাশাপাশি দেশের আরও কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শেষ করার চেষ্টা হতে পারে।
তবে আনুষ্ঠানিকভাবে এসআইআর শুরু না হলেও ইতিমধ্যেই কিন্থু ম্যাপিংয়ের কাজ শেষ হয়ে গিয়েছ। যা বিশেষ নিবিড় সংশোধনীর একটি বিশেষ ধাপ। ২০০২ সালের ভোটার তালিকা কমিশন প্রকাশ করেছে। ওই তালিকার সঙ্গে ২০২৫ সালে প্রকাশিত ভোটার তালিকা মিলিয়ে দেখা হয়েছে। সূত্রের খবর প্রায় ৫২ শতাংশ ভোটারের তথ্য মিলে গেছে। কিন্তু বাকি ভোটারের তথ্য মিলছে না। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে প্রাকৃতিক দুর্যোগের কারণে ভোটার তালিকায় ম্যাপিংয়ের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। এসআইআর নিয়ে বিরোধীদের সঙ্গে তুমুল টানাপোড়েন শুরু হয়েছে নির্বাচন কমিশনের। বাংলার শাসক তৃণমূল এসআইআরের বিরোধীতা করে হুমকি দিয়ে রেখেছে একজন বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হলেই প্রতিক্রিয়া হবে। যদিও কমিশন স্পষ্ট জানিয়েছে, একজনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হবে না, তেমনই কোনও ভুয়ো ভোটারকেও তালিকায় রাখা হবে না।
